ট্রলার ও মারুতি ভ্যানের মুখোমুখি ধাক্কা, মৃত চার
দি নিউজ লায়নঃ - মারুতি ভ্যান ও ট্রলারের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো চার জনের। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ছাতনা থানা এলাকার ভগবানপুরের কাছে ৬০ এ জাতীয় সড়কে। মৃতরা প্রত্যেকেই বাঁকুড়া সদর থানা এলাকার বেলিয়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। মারুতি ভ্যানটিতে করে যাত্রীরা পুরুলিয়া থেকে বাড়ি ফিরছিল বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে খবর, একটি মারুতি ভ্যানে চেপে পুরুলিয়া থেকে বাঁকুড়ার দিকে আসছিলেন বেলিয়া গ্রামের শিশু ও মহিলা মিলিয়ে মোট ন'জন। সেই সময় ছাতনা থানা এলাকার ভগবানপুরের কাছে ৬০ এ জাতীয় সড়কের উপর উল্টো দিক থেকে আসা একটি ট্রলারের সাথে ঐ মারুতি ভ্যানটির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের তীব্রতা এতোটাই ছিল যে, মারুতি ভ্যানটি রাস্তার পাশের খালে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় চার জনের। কম বেশী আহত হয়েছেন আরো পাঁচ জন। মৃতরা হলেন সন্তোষ মুখার্জী (৭০), বেলারানী মুখার্জী (৬৪), উমা মুখার্জী (৪২), সুমন্ত বাস্কে (২২) । এই দূর্ঘটনার পিছনে বেপোরোয়া গতিই দায়ি বলে ঐ এলাকার মানুষ মনে করছেন।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে ছাতনা থানার পুলিশ। স্থানীয়দের সঙ্গে নিয়ে পুলিশ আহতদের চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। ঘাতক ট্রলারটিকে পুলিশ আটক করতে পারলেও চালক-খালাসি পলাতক। একই সঙ্গে পুলিশের পক্ষ থেকে মৃতদেহ গুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি ঘটনার তদন্ত চলছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।

Post a Comment