বাইকের সঙ্গে প্রাইভেট গাড়ির ধাক্কায় মৃত ২
দি নিউজ লায়ন- কারখানায় কাজ সেরে বাইকে চেপে বাড়ি ফেরার সময় প্রাইভেট গাড়ির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ২ বাইক আরোহীর। মৃতেরা হল সোমনাথ পাত্র (৪১) বাড়ি উত্তর ২৪ পরগনার সোদপুরে এবং দীপাঞ্জন মাঝি (৩১) বাড়ি হাওড়ার আন্দুলে। দুর্ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে ১৬ নং জাতীয় সড়কে বিড়লা গেটের কাছে সার্ভিস রোডে। পাঁচলা থানার পুলিশ মৃতদেহ দুটি ময়না তদন্তে পাঠিয়েছে।
জানা গেছে একটি ডিটারজেন্ট কারখানার দুই কর্মী সোমনাথ ও দীপাঞ্জন সোমবার দুপুর ২ টো ৩০ নাগাগ কাজের শেষে বাইক চেপে বাড়ির পথে রওনা দেয়। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী দুই বাইক আরোহী সার্ভিস রোড দিয়ে হাওড়া অভিমুখে যাওয়ার সময় উল্টো দিক থেকে আসা একটি প্রাইভেট গাড়ির সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় দুই বাইক আরোহী রাস্তায় ছিটকে পড়ে। দুর্ঘটনার পর পাঁচলা থানার পুলিশ আশঙ্কাজনক অবস্থায় দুই বাইক আরোহী কে উদ্ধার করে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করে। পুলিশ ঘাতক গাড়িটিকে আটক করেছে।

Post a Comment