দাসপুরে রুপোর দোকানে চুরির ঘটনার কিনারা করলো দাসপুর থানার পুলিশ ,গ্রেপ্তার দুই
দি নিউজ লায়নঃ পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার দাসপুর বাজারে সৌমেন পাত্রের রুপোর দোকানে গত সোমবার প্রায় পাঁচ লক্ষ টাকা মূল্যের উপর রুপোর গহনা চুরির ঘটনা ঘটে। ওই ঘটনার পর দোকানের কর্মচারী আমন জানা জানায় তার পেটে ছুরি চালিয়ে দুষ্কৃতীরা ওই রুপার গহনা চুরি করে নিয়ে গেছে। দাসপুর থানার ওসি সুদীপ ঘোষাল ও পুলিশকে সঙ্গে নিয়ে ঘাটাল মহকুমার পুলিশ আধিকারিক অগ্নিশ্বর চৌধুরী রূপোর দোকানে চুরির ঘটনার তদন্ত শুরু করে। তদন্ত শুরু করে পুলিশ জানতে পারে ওই ঘটনার মূল পান্ডা হলো দোকানের কর্মচারী আমন জানা।
সে তার বন্ধুকে ডেকে ওই ঘটনা ঘটিয়েছে। তার ইচ্ছে ছিল রেসিং বাইক, দামী মোবাইল কেনার।তার জন্য প্রচুর টাকার দরকার। সেই টাকার জন্য সে নাটকীয় কায়দায় এই চুরির ঘটনাটি ঘটায়। তার পেটে কেউ ছুরি চালায়নি,সে ব্লেড দিয়ে কেটে ছিল এবং চুরির নাটক করেছিল।বৃহস্পতিবার রাতে আমন জানা ওসুব্রত আদক কে পাশাপাশি বসিয়ে পুলিশ জিজ্ঞেস করার পর আসল রহস্য উদঘাটন করে পুলিশ। এরপর ওই দুইজনকে গ্রেপ্তার করে দাসপুর থানার পুলিশ। সেইসঙ্গে চুরি হয়ে যাওয়া রুপার গহনা গুলি কোথায় রয়েছে তা উদ্ধারের কাজ শুরু করেছে পুলিশ।
ওই দুইজনকে শুক্রবার ঘাটাল মহকুমা আদালতে তোলা হবে বলে দাসপুর থানার পুলিশের পক্ষ থেকে জানানো হয়। আমন জানার বাড়ি দাসপুর থানার সুজানগর গ্রামে এবং সুব্রত আদকের বাড়ি দাসপুর থানার লাউদহ গ্রামে।সুব্রত আদকের রুপোর ব্যবসা রয়েছে। তিন দিনের মাথায় দাসপুর বাজারে রুপোর দোকানে চুরির ঘটনার পুলিশ কিনারা করায় পুলিশ প্রশাসনের উপর খুশি ওই এলাকার ব্যবসায়ী থেকে সকলেই। তারা দুই অভিযুক্তকে গ্রেফতার করায় পুলিশ কে ধন্যবাদ জানিয়েছেন।

Post a Comment