হিমাচল প্রদেশে দুর্ঘটনায় নিহত মালদার চার শ্রমিকের দেহ ফিরলো
দি নিউজ লায়নঃ হিমাচল প্রদেশে দুর্ঘটনায় নিহত মালদার চার শ্রমিকের দেহ ফিরলো গ্রামের বাড়িতে। এই ঘটনায় চাচোল মহাকুমার রতুয়া থানার ভাদো গ্রাম পঞ্চায়েত এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শুক্রবার সন্ধ্যায় কফিনবন্দি ভিন রাজ্য থেকে ওই চার শ্রমিকের দেহ রতুয়া এলাকার গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। আর সেই সময় কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকেরা। রীতিমত ভাদো গ্রাম পঞ্চায়েতের বটতলা গ্রামের অরন্ধন পালন করেন বাসিন্দারা। শনিবার মৃত ওই শ্রমিকদের পরিবারের সঙ্গে পৃথকভাবে দেখা করেন স্থানীয় তৃণমূল নেতা ইয়াসিন সেখ। মৃতদের পরিবারেরকে আর্থিক সহযোগিতার কথা জানানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত চার শ্রমিকের নাম আব্দুল আজিজ (৩৫), হাবিবুর রহমান (৩০), আব্দুল মান্নান (৪৫) এবং মোহাম্মদ জাহির (৩৬)। এদের বাড়ি রতুয়া ১ ব্লকের ভালো গ্রাম পঞ্চায়েতের বটতলা গ্রামে । গত দুই মাস আগে ভাদো গ্রামেরই প্রায় ১৫ জন শ্রমিক হিমাচল প্রদেশ গিয়েছিলেন শ্রমিকের কাজ করতে। তাদেরই মধ্যে ওই চার শ্রমিক বুধবার দুপুরে হিমাচল প্রদেশের একটি এলাকায় টাওয়ারের কাজের জন্য ট্রাক্টর করে যাচ্ছিলেন।
মাঝপথে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে গর্তে উল্টে যায়। সেখানেই রতুয়ার চার শ্রমিকের মৃত্যু হয়। এরপরই বৃহস্পতিবার সাতসকালেই মৃত শ্রমিকের পরিবারে ফোন করে সমস্ত ঘটনার কথা হিমাচলপ্রদেশ থেকে জানানো হয়। আর তারপরের শুক্রবার সন্ধ্যায় হিমাচল প্রদেশ থেকে রতুয়ায় কফিনবন্দি চার শ্রমিকের দেহ নিয়ে আসা হয়।

Post a Comment