'করোনার চেয়েও কঠিন রোগে আক্রান্ত বাংলাদেশ' ; গয়েশ্বর
ঢাকা প্রতিনিধি : করোনার চেয়েও দেশ কঠিন রোগে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আজ শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিকদল আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। গয়েশ্বর চন্দ্র বলেন, ‘সবাইকে বলি শত্রু-মিত্র, ভালো-মন্দ, যে যেখানে আছেন দলের চাইতে দেশটাকে আগে ভালোবাসেন। আর সবাই বলেন আমরা দেশের জন্য মরব। দেখবেন কেউ মরব না, আমরা সবাই বাঁচব। আর যদি একা একা বাঁচতে চাই, তবে কিন্তু সবাই মরব।'
দোয়া মাহফিলের অনুষ্ঠানে তিনি বলেন, ‘করোনার চেয়েও শেখ হাসিনা ভয়াবহ। তার কাছ থেকে কীভাবে মুক্তি পাবেন, সেজন্য আল্লাহর দরবারে হাত তুলুন।’ অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকুসহ অন্য নেতার রোগমুক্তি কামনায় এ দোয়া করা হয়। এ সময় গয়েশ্বর বলেন, ‘অনেকেই বলে বিএনপির অবস্থা খারাপ। বিএনপির অবস্থা কতটুকু খারাপ তার জন্য কোনো মায়া কান্না করার দরকার নাই।
মূলত দেশের অবস্থা খারাপ। মানুষ যতক্ষণ পর্যন্ত এক কদম হাঁটতে পারে, ততক্ষণ পর্যন্ত ডাক্তার দেখায় না। আর যখন ডাক্তার দেখায়, তখন আর চিকিৎসা থাকে না। আমার মনে হয়, দেশটা সেই পর্যায়ে আছে। ক্ষমতাসীন দলের নেতারা খাঁচার পাখির মতো প্রতিদিন শেখানো বুলি বলে যাচ্ছে। ওরা আমাদের চেয়ে অনেক অনেক খারাপ অবস্থায় আছে।’
নেতাকর্মীদের উদ্দেশ্যে গয়েশ্বর চন্দ্র বলেন, ‘১৮ কোটি মানুষকে গুলি করে মারার মতো এত গুলি সরকারের কাছে নাই। তাই আমরা যদি মনে করি দেশের জন্য সবাই মরব, তাহলে কেউ মরব না, সবাই বাঁচব। আর আমরা নানা কৌশলে বাঁচতে চাই, তাহলে নানা অপকৌশলে সবাই মরব।’ তিনি আরও বলেন, ‘আমাদের স্বাভাবিক মৃত্যু যখন হওয়ার হবে কিন্তু আমরা যেন অন্যায়ের শিকার হয়ে মৃত্যুবরণ না করি। দেশটা যেন মৃত্যুর শিকার না হয়, জাতি যেন মৃত্যুর শিকার না হয়। তাই আমি বলব, করোনার চেয়েও যে কঠিন রোগে দেশ আক্রান্ত তা থেকে দেশকে মুক্ত করতে হবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রমিকদল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি কাজী আমির খসরু। সাধারণ সম্পাদক মাহবুব আলম বাদলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, তাঁতী দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ড.কাজী মনিরুজ্জামান মনির প্রমুখ।

Post a Comment