সবং ব্লকের ঝিকুরিয়া বাজারে বঙ্গধ্বনি কর্মসূচী পালন
দি নিউজ লায়ন ; বৃহস্পতিবার তৃণমূলের বঙ্গ ধ্বনি কর্মসূচি দশম দিনে পড়লো। তাই সবং ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার সবং ব্লকের সার্তা অঞ্চলের ঝিকুরিয়া বাজারে গিয়ে বঙ্গধ্বনি কর্মসূচি পালন করা হয়। ওই কর্মসূচিতে অংশগ্রহণ করেন রাজ্যসভার সাংসদ ডাক্তার মানস ভুঁইয়া, বিধায়ক গীতা ভুঁইয়া, সবং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মৌসুমী দত্ত ও আবু কালাম বক্স সহ তৃণমূল কংগ্রেসের নির্বাচিত জনপ্রতিনিধিরা।
সার্তা অঞ্চলের লারো এলাকায় একটি সভা করে তৃণমূল। এরপর বাড়ি বাড়ি গিয়ে মানুষের হাতে রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের সাফল্যের খতিয়ান তুলে ধরে রিপোর্ট কার্ড তুলে দেন উপস্থিত সকলেই। এরপর ওই অঞ্চলের ঝিকুরিয়া বাজারে গিয়ে সাংসদ ডাক্তার মানস ভুঁইয়া ও বিধায়ক গীতা ভুঁইয়া বাজারের ব্যবসায়ী ও বাজারে আসা সাধারণ মানুষের হাতে রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরে রিপোর্ট কার্ড তুলে দেন।
সাংসদ ডাক্তার মানস ভুঁইয়া বলেন সারা বিশ্বে নজির সৃষ্টি করেছে রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের মা-মাটি-মানুষের সরকার। সরকার রাজ্যের মানুষের জন্য ৬২ টি প্রকল্প চালু করেছে। সেই প্রকল্পের সুবিধা পাচ্ছেন সাধারণ মানুষ অথচ রাজ্যের উন্নয়নকে স্তব্ধ করে দেওয়ার জন্য বিজেপি চক্রান্ত শুরু করেছে। বিজেপি বিভিন্ন এলাকায় গিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে ও তৃণমূলের বিরুদ্ধে অপপ্রচার করছে।
তাই তিনি সর্বস্তরের মানুষকে মুখ্যমন্ত্রীর পাশে থাকার আহ্বান জানান এবং তিনি বলেন আপনাদের পাশে মুখ্যমন্ত্রী রয়েছেন। আপনাদের উন্নয়ন নিয়ে ভাবতে হবে না। আপনাদের দুয়ারে উন্নয়ন পৌঁছে দিবেন মুখ্যমন্ত্রী। বিজেপির মিথ্যা প্রতিশ্রুতিতে ভুলবেন না। বিজেপি সারা দেশকে যেমন ধ্বংস করবে তেমনি বাংলা কে ধ্বংস করার চক্রান্ত শুরু করেছে। তাই বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের হাতকে শক্তিশালী করে তোলার জন্য সকলের কাছে আহ্বান জানান।

Post a Comment