বেলদায় ৬০ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা
দি নিউজ লায়ন ; বেপরোয়া ভাবে ট্রাক্টর চালানোর কারণেই দুর্ঘটনায় জখম হলেন দুই মোটরসাইকেল আরোহী। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত্রে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার কালিবাগিচা এলাকাতে। গুরুতর জখম ও রক্তাক্ত অবস্থায় দুই বাইক আরোহীকে উদ্ধার করে বেলদা গ্রামীন হাসপাতালে ভর্তি করে বেলদা থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাইকে করে বেলদা থেকে নারায়ণগড় যাচ্ছিল ওই দুই বাইক আরোহী, ২জনে যাবার সময় হঠাৎই কালিবাগিচা এলাকায় মাঠের দিক থেকে আসা একটি ট্রাক্টর দ্রুতগতিতে ৬০ নম্বর জাতীয় সড়কের ওপর এসে উঠে পড়ে এবং সজোরে ওই বাইকটিকে ধাক্কা মারলে, বাইকে সওয়ার ২ আরোহী রাস্তায় ছিটকে পড়ে। গুরুতর চোট পান দুজনেই।
রাস্তায় পড়ে থাকা অবস্থায় বেলদা থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে তাঁদের উদ্ধার করে বেলদা গ্রামীণ হাসপাতালে ভর্তি নিয়ে গিয়ে ভর্তি করা হয়। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
উল্লেখ্য একই রকম ভুলের কারণে বুধবার বেলদা এলাকাতে একটি ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়েছিল একটি যাত্রীবাহী বাসের। এই দুর্ঘটনায় বেশ কয়েক জন জখমও হন। পুনরায় একই ঘটনা ঘটল পরেরদিনই এই কালিবাগিচা এলাকাতে। যার ফলে ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

Post a Comment