অবৈধভাবে চার ডিজিটের লটারি খেলার অভিযোগে এক যুবক গ্রেপ্তার - The News Lion

অবৈধভাবে চার ডিজিটের লটারি খেলার অভিযোগে এক যুবক গ্রেপ্তার




দি নিউজ লায়ন ;   অবৈধভাবে চার ডিজিটের লটারি খেলার অভিযোগে এক যুবককে পুলিস গ্রেপ্তার করেছে। ঘটনা বর্ধমান থানা এলাকায়। ধৃতের নাম আমির খান। বর্ধমান শহরের বড়বাজারের মসজিদতলায় তার বাড়ি। শহরের খোসবাগান এলাকায় তার একটি লটারির দোকান আছে। সোমবার সন্ধ্যায় তার দোকানে হানা দেয় পুলিস। সেই সময় দোকানে কয়েকজন খদ্দের ছিল। তাদের ৪ ডিজিটের লটারি বিক্রি করছিল সে।


 দোকান থেকে প্রচুর সংখ্যক ৪ ডিজিটের লটারি বাজেয়াপ্ত করে পুলিস। তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিস জেনেছে, লটারি বিক্রির পর সেই তথ্য হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেয় আমির। লটারি খেলার ফল প্রকাশের পর পুরস্কার প্রাপকদের হাতে টাকা তুলে দেওয়া হয়। এ ধরণের লটারি অবৈধ। এর ফলে সরকারি রাজস্বের ক্ষতি হচ্ছে। আমির দীর্ঘদিন ধরে লটারির এই কারবার চালিয়ে যাচ্ছে। তার বিরুদ্ধে আইপিএল বেটিং চক্রে জড়িত থাকারও অভিযোগ রয়েছে। 


৪ ডিজিটের লটারি বিক্রির বিষয়ে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিস। মঙ্গলবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। তদন্তের প্রয়োজনে ধৃতকে ৫ দিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিস। ধৃতকে ২ দিন পুলিসি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন ভারপ্রাপ্ত বিচারক।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.