স্মার্ট ফোনের বদলে জলের বোতল
দি নিউজ লায়ন ; অনলাইনে স্মার্ট ফোনের অর্ডার দিয়ে হাতে এল ২০০ গ্রাম জলের বোতল। ফোনের বদলে সাত সাতটি জলের বোতল অথৈ জলে পড়েছেন আমতা খরদা বাগানপাড়ার বাসিন্দা শেখ আনোয়ার আলী। ইতিমধ্যে অনলাইন সংস্থায় তিনি অভিযোগ দায়ের করেছেন।
জানা গেছে আনোয়ার বেশ কয়েকবছর ধরে একটি বহুজাতিক অনলাইন সংস্থার কাছ থেকে অনলাইনে মোবাইল ফোন কিনে বিক্রি করছেন। সেইমত গত ২৯ নভেম্বর তিনি একটি নামে বহুজাতিক অনলাইন সংস্থায় ১৫ পিস স্মার্টফোনের অর্ডার দেন এবং অনলাইনে ৮০ হাজার টাকা পেমেন্ট করে দেন।
আনোয়ার আলী জানান অর্ডার অনুযায়ী রবিবার ফোনগুলি ডেলিভারি দেওয়ার কথা ছিল। সেইমত রবিবার দুপুরে এক যুবক আমার বাড়িতে ৭ টি প্যাকেট দিয়ে যায়। তিনি জানান আমি বাড়িতে না থাকায় আমার মা সেগুলি রিসিভ করেন। সোমবার আমি বাড়ি ফিরে একটি প্যাকেট খুলে দেখতে পাই প্যাকেটের ভিতর মোবাইলের বদলে একটি জলের বোতল আছে।
তিনি জানান এরপর সবকয়টি প্যাকেট ছিদ্র করে দেখতে পাই প্রতিটি প্যাকেটে ফোনের বদলে জলের বোতল দেওয়া আছে। আনোয়ার আলী জানান বিষয়টি নিয়ে তিনি অনলাইন সংস্থায় অভিযোগ দায়ের করেছেন তাঁরা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।

Post a Comment