কিশোরীকে অপহরণের অভিযোগে যুবক গ্রেপ্তার
দি নিউজ লায়ন ; কিশোরীকে অপহরণের অভিযোগে পুলিস এক যুবককে গ্রেপ্তার করেছে। ঘটনা জামালপুর থানা এলাকায়। ধৃতের নাম রাজু কয়াল। দক্ষিণ ২৪ পরগণার হারউড পয়েন্ট কোস্টাল থানার সীতারামপুর সকারপাড়ায় তার বাড়ি। পুলিস জানিয়েছে, জামালপুর থানার পাঁচড়া গ্রামের সানার পাড়ে বছর সতেরোর ওই কিশোরীর বাড়ি। গত ১৬ ডিসেম্বর সকাল থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না।
এলাকায় জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের জলের ট্যাংক তৈরির কাজ চলছে। বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে কিশোরীর পরিবারের লোকজন জানতে পারেন, জলের ট্যাংক তৈরির সুপার ভাইজারের দায়িত্বে থাকা রাজু অপহরণে জড়িত। এরপরই কিশোরীর মা ঘটনার কথা জানিয়ে পুলিসে অভিযোগ দায়ের করেন।
বুধবার রাতে বাড়ি থেকে পুলিস তাকে গ্রেপ্তার করে। তার বাড়ি থেকেই উদ্ধার হয় কিশোরীও। বৃহস্পতিবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। জামিনযোগ্য ধারায় মামলা রুজু হওয়ায় ধৃতের জামিন মঞ্জুর করেন বিচারক।

Post a Comment