হলদিয়া বন্দরে ২০ লক্ষ টাকার কোক কয়লা চুরি আটকালো নিরাপত্তারক্ষীরা
দি নিউজ লায়ন ; হলদিয়া বন্দরের ৮ নম্বর বার্থ এলাকার একটি প্লট থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় কয়েক লক্ষ টাকার কোক কয়লা চুরির চেষ্টার অভিযোগ উঠল একটি সংস্থার বিরুদ্ধে।এই ঘটনায় জড়িতদের আটক করা হয়েছে। যদিও একে চুরির ঘটনা বলে মনে করছে না বন্দর কর্তৃপক্ষ। হলদিয়া বন্দরের ট্রেড ইউনিয়ন গুলোর অভিযোগ এর আগে একটি নামী সংস্থা এই কাজ করতে গিয়ে ধরা পড়ায় তাকে ব্ল্যাকলিস্ট করা হয়েছে।
এবারেও একটি নামী সংস্থা চুরি করতে গিয়ে ধরা পরল। এই সংস্থার বিরুদ্ধেও একই ধরনের শাস্তি দেওয়ার দাবি তুলেছেন তাঁরা। ট্রেড ইউনিয়ন গুলির দাবি নামী সংস্থা গুলির নাম চুরির ঘটনায় জড়িয়ে যাওয়ায় বন্দর কর্তৃপক্ষ বিষয়টি চেপে যেতে চাইচ্ছে।
জানা গেছে ইয়ার্ডে রাখা একটি সংস্থার পণ্য অন্য একটি সংস্থার ট্রাক লোডিং করে চম্পট দেওয়ার আগেই সিকিউরিটি গার্ড ও সিআইএসএফের জওয়ানদের হাতে ধরা পড়ে যায়। ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। মাল সহ ট্রাক, পে লোডার এবং গাড়ির ড্রাইভার ও খালাসিকে আটক করা হয়েছে। বন্দর কর্তৃপক্ষ অবশ্য এই ঘটনাকে চুরি বলতে নারাজ।
বন্দর সূত্রে জানা গিয়েছে, এল-টু নামে বন্দরের নির্দিষ্ট প্লট থেকে একটি সংস্থার ট্রাকের লোডিং অর্ডার ছিল। ওই সংস্থার ট্রাক নির্দিষ্ট জায়গায় না গিয়ে ৮নম্বর বার্থের প্লট থেকে অন্য সংস্থার কোক কয়লা বেআইনিভাবে ট্রাকে লোড করে নেয়। ওই একগাড়ি কয়লার আনুমানিক মূল্য প্রায় ২০লক্ষ টাকা বলে জানা গিয়েছে।

Post a Comment