মাদক কারবারের প্রতিবাদ করায় স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ
দি নিউজ লায়ন ; বেআইনি মাদক কারবারে জড়িয়ে পড়েছিল স্বামী। প্রতিবাদ করেছিলেন স্ত্রী। আর তারই জেরে স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠলো স্বামীর বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদা শহরের পিরোজপুর এলাকায়। মেডিকেল কলেজের সামনে থেকে অভিযুক্ত স্বামীকে ধাওয়া করে হাতেনাতে ধরে ফেলেন মৃত গৃহবধূর পরিবারের লোকেরা। এরপরই অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে। পাশাপাশি পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত গৃহবধূর নাম দোলা মন্ডল (২৪)। পুরাতন মালদা থানার ছাতিয়ার মোড় এলাকার বাসিন্দা চিরঞ্জিত মন্ডলের সাথে কয়েক বছর আগে বিয়ে হয় দোলা মন্ডলের।
বিয়ের কয়েক মাস পর থেকে স্ত্রী ও সন্তানকে নিয়ে মালদা শহরের পিরোজপুর এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকতেন অভিযুক্ত চিরঞ্জিত মন্ডল। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, চিরঞ্জিত মন্ডল সম্প্রতি মাদক কারবারের সঙ্গে যুক্ত হয়ে পড়েছিলো। এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক অশান্তির লেগেছিল। সে কারণেই শ্বাসরোধ করে খুন করা হয় গৃহবধূকে বলে মৃতের পরিবারের অভিযোগ।
মৃত গৃহবধূর মা সোমা দত্ত জানিয়েছেন, বৃহস্পতিবার গভীর রাতে জামাই ফোন মারফত জানায় মেয়ে অসুস্থ হয়ে পড়েছে, তাই তাকে মালদা মেডিক্যাল কলেজে ভর্তির জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এরপরে তাঁরা মেডিকেল কলেজে আসলে জানতে পারেন মেয়ের মৃত্যু হয়েছে। জামাইকে মেয়ের মৃত্যুর কারণ নিয়ে জিজ্ঞাসা করতে শুরু করলে সে পালানোর চেষ্টা করে।
পরে তাকে ধরে ইংরেজবাজার থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। জামাই বেআইনি মাদক কারবারি যুক্ত হয়ে পড়েছিল। এনিয়েই আমার মেয়ে প্রতিবাদ করছিল। যার কারণেই মেয়েকে শ্বাসরোধ করে খুন করেছে অভিযুক্ত চিরঞ্জিত মন্ডল। ইংরেজবাজার থানার আইসি মদন মোহন রায় জানিয়েছেন, এই ঘটনায় অভিযোগের ভিত্তিতে মৃতের স্বামীকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

Post a Comment