জঙ্গিপুর পুলিশ জেলায় অসামাজিক কাজ রুখতে শহর মুড়ে দেওয়া দেওয়া হলো সিসিটিভিতে
দি নিউজ লায়ন; জঙ্গিপুর পুরসভার পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটোসাটো করতে গোটা পুর এলাকাকে সিসি ক্যামেরায় মুড়ে ফেলে দেওয়ার কাজ শুরু হলো। যৌথভাবে নজরদারি চালাবে পুরসভা ও জঙ্গিপুর জেলা পুলিস। শহরে অসামাজিক কাজকর্ম রুখতে ও সাধারণ মানুষের নিরাপত্তা বাড়াতেই শহরের বিভিন্ন জায়গায় সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে বলে জানা গিয়েছে। এ ব্যাপারে জঙ্গিপুর পুলিশ জেলার সুপার ওয়াই রঘুবংশী বলেন, গোটা শহরকে নজরে রাখতে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তাছাড়া, শহরের কিছু গুরুত্বপূর্ণ রাস্তা ও মোড়েও ক্যামেরা লাগানো হয়েছে, যাতে করে শহরের প্রতিটি এলাকাতে নজরদারি চালানো যায়। জঙ্গিপুর পুর এলাকাটি ২১টি ওয়ার্ড নিয়ে গঠিত। আয়তনে জঙ্গিপুর পুরসভার এলাকা অনেকটাই বড়। ভাগীরথী নদীর পূর্ব পাড়ে জঙ্গিপুর আর অপর পাড়ে রঘুনাথগঞ্জ শহর। দুই মিলিয়েই জঙ্গিপুর পুরসভা এলাকা। ভাগীরথীর পূর্বপাড়ে ৫.১৮ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে জঙ্গিপুর শহরে ১৩টি ওয়ার্ডে প্রায় ৬০ হাজার মানুষ বসবাস করেন। রয়েছে জঙ্গিপুর কলেজ, দু-তিনটি উচ্চ বিদ্যালয় এবং রঘুনাথগঞ্জ-২ ব্লক অফিস।
ভাগীরথীর পশ্চিম পাড়ে ৮টি ওয়ার্ড নিয়ে তৈরি জঙ্গিপুর শহরের অপর অংশ রঘুনাথগঞ্জ। ২.৫৯ বর্গ কিলোমিটার এলাকায় প্রায় ৪০ হাজার মানুষ শহরে বাস করেন। রঘুনাথগঞ্জ শহরেই রয়েছে জঙ্গিপুর মহকুমা হাসপাতাল, রঘুনাথগঞ্জ থানা, জঙ্গিপুর কোর্ট, এসডিও, বিডিও অফিস সহ একাধিক অফিস আর ব্যবসায়িক কেন্দ্র। ফলে, এই বিশাল পুরসভায় নজরদারি চালাতে এবার শহরের গুরুত্বপূর্ণ মোড় যেমন মূল শহরে ঢোকার মুখে রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ড, দাদাঠাকুর মোড়, ফুলতলা মোড়, ভাগীরথী সেতুতে ও কলেজ হোষ্টেল মোড় সহ পুরসভার সব ওয়ার্ডেই বসানো হল সিসিটিভি ক্যামেরা। শহরের কয়েকটি বড়ো দোকানে চুরি ও বিভিন্ন এলাকা থেকে বাইক ও সাইকেল চুরির ঘটনা ঘটত।
তাছাড়া, বাইকে চেপে মহিলাদের গয়না ও মোবাইল ছিনতাইয়ের মতো ঘটনা ঘটেছে। অনেক সময় ওই সব অপরাধীকে ধরা সম্ভব হয়নি। কিছুদিন আগে কে বা কারা রাতের অন্ধকারে বাসস্ট্যান্ডে রাখা তিনটি বাসে আগুন ধরিয়ে দেয়। একজনের মৃত্যুও হয়। তখন এলাকায় সিসিটিভির দাবি ওঠে। জঙ্গিপুর পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান মোজাহারুল ইসলাম বলেন, পুর এলাকায় যাতে অপরাধের সংখ্যা কমে তার জন্যই প্রথম দফায় আমরা কিছু সিসি ক্যামেরা লাগিয়েছিলাম। এবার বিভিন্ন ওয়ার্ডে সব মিলিয়ে ৮৬টি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে।

Post a Comment