স্বরূপ সৌ হত‍্যাকান্ড, ভাইকে খুনের সুপারি দিয়েছিল দাদা, ষড়যন্ত্রে জড়িত মা, রাজনৈতিক খুনের গল্প ফেঁদে বেকায়দায় বিজেপি - The News Lion

স্বরূপ সৌ হত‍্যাকান্ড, ভাইকে খুনের সুপারি দিয়েছিল দাদা, ষড়যন্ত্রে জড়িত মা, রাজনৈতিক খুনের গল্প ফেঁদে বেকায়দায় বিজেপি



 ভাইকে খুন করতে সুপারি কিলার নিয়োগ করেছিল দাদা। ষড়যন্ত্রে জড়িত মা। দুর্গাপুরে স্বরূপ সৌ হত্যাকাণ্ডের তদন্তে নেমে এমনই চাঞ্চল্যকর তথ্য পেল পুলিশ। নির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে নিহতের মা এবং দাদাকে গ্রেপ্তার করেছে পুলিশ।আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের  ডিসিপি(পুর্ব) অভিষেক গুপ্তা জানিয়েছেন, 'জেরার মুখে স্বরূপের মা ও দাদা সব দোষ স্বীকার করেছে।' তবে গোটা ঘটনায় সবচেয়ে অস্বস্তিতে জেলা বিজেপি নেতৃত্ব। নিহতকে নিজেদের কর্মী বলে দাবি করে তাকে তৃণমূল খুন করেছে এই গুজব রটিয়ে ময়দানে নেমেছিল বিজেপি। পুলিশি তদন্তে গ্রেফতারের পর এখন তারা কার্যত মুখ লুকাতে ব্যস্ত। একাধিকবার জেলা বিজেপি নেতৃত্বের সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করা হলেও তাদের কোনো প্রতিক্রিয়া মেলেনি।


অন্যদিকে, জেলা তৃণমূল নেতৃত্বের দাবি আগে থেকেই অকারণে রাজনীতি টেনে এনে পুলিশি তদন্ত প্রভাবিত করার চেষ্টা করেছিল বিজেপি। পুলিশের ওপর চাপ সৃষ্টি করার চেষ্টা হয়েছিল। কোন রকম চাপের কাছে নতি স্বীকার না করে পুলিশ সঠিক তদন্ত করে অপরাধীদের গ্রেফতার করেছে। এর জন্য প্রশাসনের ধন্যবাদ প্রাপ‍্য। প্রসঙ্গত, গোটা ঘটনার সূত্রপাত 9 নভেম্বর। দুর্গাপুর প্রতাপপুরের একটি ঝোপ থেকে উদ্ধার হয় স্বরূপ সৌ নামে এক ব্যক্তির দেহ। ঘটনার তদন্তে নামে পুলিশ। প্রথম থেকেই পুলিশের সন্দেহ ছিল খুনের পেছনে পরিবারের কারোর হাতে রয়েছে কিন্তু কি কারণে খুন সে ব্যাপারে পুলিশ নিশ্চিত হতে পারছিল না। একের পর এক পরিবারের সদস্যকে জেরা করার পর উঠে আসে সম্পত্তিগত বিবাদের বিষয়টি। এরপর পুলিশ স্বরূপের দাদা অরূপ সৌ কে ম্যারাথন জেরা শুরু করে। প্রথমদিকে অস্বীকার করলেও জেরার মুখে শেষ পর্যন্ত ভাইকে খুনের বিষয়টি স্বীকার করে নেয় অরূপ। 


 সে জানায় দু লক্ষ টাকা দিয়ে ভাইকে খুনের জন্য সে সুপারি কিলার নিয়োগ করেছিল কিন্তু চমকের এখানেই শেষ নয়। এতো টাকা অরূপ পেল কোথা থেকে এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে পুলিশ জানতে পারে টাকা দেওয়া হয়েছে তার মা সুলোচনার ব্যাংক একাউন্ট থেকে।এরপর পুলিশের কাছে পরিষ্কার হয়ে যায় চিত্রনাট্য। ছোট ছেলের সঙ্গে বনিবনা না হওয়ায় বড় ছেলের সঙ্গে মিলে সম্পত্তির লোভে ছোট ছেলেকে খুন করেছে মা। সুপারি কিলার নিয়োগের জন্য টাকা দিয়েছে খোদ মা। এরপরই পুলিশ মা এবং ছেলেকে গ্রেফতার করে। বুধবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় স্বরূপের মা ও দাদাকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, যে সুপারি কিলারদের নিয়োগ করা হয়েছিল তাদের খোঁজে এখন তল্লাশি চলছে। গোটা ঘটনায় পরিবারের আরও কেউ জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.