লটারির পুরস্কার জেতার নামে প্রতারণার অভিযোগ
ফের প্রতারণার অভিযোগ। এবার লটারির পুরস্কার জেতার নামে প্রতারণার অভিযোগ। পুলিশ দু’জনকে গ্রেপ্তার করেছে। বর্ধমান থানা এলাকার ঘটনা। ধৃতদের নাম ছোট্টু সিং ও তপন দাস। হুগলির মগরা থানার কাঁটাপুকুর পুরানোপোঁতায় ছোট্টুর বাড়ি। মগরা থানারই তালতলা গজঘন্ট এলাকায় তপনের বাড়ি। পুলিস জানিয়েছে, রবিবার দুপুরে ওই ২ জন বর্ধমান শহরের স্পন্দন কমপ্লেক্সের একটি দোকানে এসে নাগাল্যান্ড স্টেট লটারির ২৫ সেমের লটারিতে পুরস্কার জেতার কথা জানায়। লটারির টিকিট বের করে তারা দোকানের মালিককে দেয়।
তা মিলিয়ে দেখে ২ লক্ষ ২৫ হাজার টাকা দিতে যান দোকানের মালিক। তবে, লটারির টিকিটগুলি দেখে তাঁর সন্দেহ হয়। তিনি লটারি কোম্পানিতে ফোন করেন। সেখান থেকে ওই নম্বরের টিকিট পুরস্কার নেওয়ার জন্য জমা পড়েছে বলে কোম্পানি থেকে জানানো হয়। এরপরই দু’জনকে আটকে রেখে জিজ্ঞাসাবাদ করেন দোকানের মালিক। তাতে ওই দু’জন জানায়, টিকিটগুলি রঙিন জেরক্স করা।
এরপরই থানায় ফোন করে দু’জনকে পুলিসের হাতে তুলে দেন দোকানের মালিক মুক্তার মিঞা। পরে তাঁর অভিযোগের ভিত্তিতে জাল নথিপত্র তৈরি করে প্রতারণার ধারায় মামলা রুজু করে পুলিস। ধৃতরা একই কায়দায় অন্য জায়গায় প্রতারণা করেছে বলে প্রাথমিকভাবে পুলিসের অনুমান। সোমবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়। বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে বৃহস্পতিবার ধৃতদের ফের আদালতে পেশের নির্দেশ দেন ভারপ্রাপ্ত বিচারক।

Post a Comment