দামোদরে তলিয়ে যাওয়া তিন ছাত্রের মধ্যে দুজনের মৃতদেহ উদ্ধার - The News Lion

দামোদরে তলিয়ে যাওয়া তিন ছাত্রের মধ্যে দুজনের মৃতদেহ উদ্ধার

 



দামোদরে তলিয়ে যাওয়া তিন ছাত্রের মধ্যে আজ দুজনের মৃতদেহ উদ্ধার হল বাঁকুড়ার মেজিয়া থানার মথুরাচন্ডী ঘাট সংলগ্ন এলাকা থেকে।  আজ সকাল ন'টা নাগাদ ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মীরা দামোদরের জলে তল্লাশি চালানোর সময় ওই দুটি মৃতদেহ খুঁজে পায়। পুলিশ জানিয়েছে মৃত দুজনের নাম অভিষেক মিশ্র (১৭)ও রোশন সিং( ১৬)।  পুলিশ মৃতদেহদুটি ময়না তদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পাঠিয়েছে। 


পুলিশ সূত্রে জানা গেছে মঙ্গলবার রানীগঞ্জ জ্ঞ্যান ভারতী নামের একটি বেসরকারি স্কুলের একাদশ শ্রেনীর তিন ছাত্র অভিষেক মিশ্র,  রোশন সিং ও অভিষেক মাহাতো টিউশানি থেকে বাড়ি ফেরার পথে দামোদর নদে স্নান করতে নামে। দামোদরের মথুরাচন্ডী ঘাটে স্নান করার সময় আচমকাই জলে  তলিয়ে যায় ওই তিনজন। খবর পেয়ে মঙ্গলবার ঘটনাস্থলে ছুটে আসে মেজিয়া ও রানীগঞ্জ থানার পুলিশ।  খবর দেওয়া হয় ডিজাস্টার ম্যানেজমেন্ট কর্মীদেরও।  গতকাল বিকাল থেকে দামোদরে স্পিড বোট নামিয়ে শুরু হয় তল্লাশি। রাতভর তল্লাশি চালালেও তলিয়ে যাওয়া তিন ছাত্রের হদিশ মেলেনি। 


 আজ সকাল নটা নাগাদ মথুরাচন্ডী ঘাটের পঞ্চাশ মিটার দূরত্বে দামোদরের জলে অভিষেক মিশ্র ও রোশন সিং এর মৃতদেহের খোঁজ পায় ডিজাস্টার ম্যানেজমেন্ট কর্মীরা। কিন্তু বুধবার বিকাল পর্যন্ত অভিষেক মাহাতোর কোনো খোঁজ না মেলায় দামোদরে তল্লাশি অভিযান চলছে। পুলিশ সূত্রে জানা গেছে মৃত অভিষেক মিশ্রর বাড়ি রানীগঞ্জের কেজি লেন ও রোশন সিং এর বাড়ি রানীগঞ্জের ভগৎপাড়া এলাকায়।  এখনো নিখোঁজ থাকা অভিষেক মাহাতোর বাড়ি রানীগঞ্জ শহরেরই বরদাই কালী মন্দির এলাকায়। মর্মান্তিক এই ঘটনায় স্বাভাবিক ভাবেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.