সম্পত্তি লিখে না দেওয়ায় ৭২ বছরের বৃদ্ধাকে মারধরের অভিযোগ উঠলো ছোট ছেলে ও তার স্ত্রী
সম্পত্তি লিখে না দেওয়ায় ৭২ বছরের বৃদ্ধাকে মারধরের অভিযোগ উঠলো ছোট ছেলে ও তার স্ত্রী। এমনকি বৃদ্ধাকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলার চেষ্টা করা হয় বলে অভিযোগ। ঘটনার বিষয় নিয়ে বর্ধমান আদালতে মামলা করেছেন বৃদ্ধা। আদালতে জামালপুর থানার শিপতাই গ্রামের ওই বৃদ্ধা জানিয়েছেন, তাঁর দুই ছেলে। তারা বিবাহিত। বড় ছেলে কর্মসূত্রে পরিবার নিয়ে অন্যত্র থাকে। ছোট ছেলে ও তার স্ত্রী তাঁর সঙ্গে থাকে। বেশ কিছুদিন ধরে সম্পত্তি তার নামে করে দেওয়ার জন্য চাপ দিচ্ছে ছোট ছেলে। তাতে রাজি না হওয়ায় তাঁর উপর ছোট ছেলে ও তার স্ত্রী নির্যাতন চালায়।
এমনকি তাঁকে মারধর পর্যন্ত করা হয়। কিছুদিন আগে তিনি অসুস্থ অবস্থায় ঘরে শুয়েছিলেন। সেই সময় একটি স্ট্যাম্প পেপার এনে তাতে সই করে দেওয়ার জন্য চাপ দেয় ছোট ছেলে। তাতে সই না করলে তাঁকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। কোনও ভাবেই স্ট্যাম্প পেপারে সই করতে রাজি হননি তিনি। সেজন্য তাঁকে গালিগালাজ করা হয়। এমনকি মারধর পর্যন্ত করা হয়। তাঁর চিৎকার শুনে প্রতিবেশীরা ঘরে এসে তাঁকে রক্ষা করে। অসহায় বৃদ্ধা জামালপুর থানায় অভিযোগ দায়ের করেন। তাতেও সুরাহা হয়নি। বাধ্য হয়ে বর্ধমান সিজেএম আদালতে মামলা করেছেন বৃদ্ধা।
বৃদ্ধার আইনজীবী বিধান চন্দ্র সামন্ত সাংবাদিককে বলেন, বৃদ্ধাকে সম্পত্তি লিখে দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে চাপ দিচ্ছে ছোট ছেলে ও তার স্ত্রী। তা না করায় বৃদ্ধাকে মারধর করা হচ্ছে। বিভিন্ন মহলে জানিয়েও প্রতিকার না পেয়ে বৃদ্ধা আদালতে মামলা করেছেন। কেস রুজু করে তদন্তের জন্য জামালপুর থানার ওসিকে নির্দেশ দিয়েছে আদালত।

Post a Comment