ব্রেক ফেল করে সিভিক ভলেন্টিয়ারকে পিষে দিল বেসরকারি বাস, ধাক্কা টোটোতেও, গুরুতর জখম দুই মহিলা যাত্রী
দি নিউজ লায়ন; বেসরকারি বাসের ব্রেক ফেল হয়ে প্রাণ গেল কর্তব্যরত এক সিভিক ভলেন্টিয়ারের । এমনকি ওই বেসরকারি বাসটি পরপর দুটি টোটোতে ধাক্কা মারে । তাতেও দুই মহিলা যাত্রী জখম হন। সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মালদা শহরের প্রাণকেন্দ্র রবীন্দ্র এভেনিউ এলাকায়। চালকের তৎপরতার পরেও নিয়ন্ত্রণে আসে নি ব্রেক ফেল হয়ে যাওয়া ওই বেসরকারি বাসটি। এরপর সরাসরি রাস্তার ধারে একটি দেওয়ালে ধাক্কা মারে বাসটি। উত্তেজিত জনতা ইট ছুড়ে বাসের কাঁচ ভাঙচুর করে বলে অভিযোগ। বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে তদন্তে আসে ইংরেজবাজার থানার পুলিশ ।
আটক করা হয়েছে ওই বেসরকারি বাসের চালক এবং খালাসীকে। যদিও ঘটনার সময় ওই বাসে তেমন কোনো যাত্রী ছিল না। তবে সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পুলিশ মহলে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত সিভিক ভলেন্টিয়ারের নাম বাপন রজক (২৬)। তার বাড়ি ইংরেজবাজার থানার মধুঘাট এলাকায় । এদিন সকালে রবীন্দ্র এভিনিউ এলাকার ট্রাফিক সিগনাল মোড় ডিউটি করছিলেন ওই সিভিক ভলেন্টিয়ার বাপনবাবু । সেই সময় ওভারব্রিজ থেকেই একটি বেসরকারি বাস ব্রেক ফেল করেই বেপরোয়াভাবে ট্রাফিক সিগন্যালের দিকে ছুটে আসে ।
নিয়ন্ত্রণ হারিয়ে ওই সিভিক ভলেন্টিয়ারকে ধাক্কা মারে বেসরকারি বাসটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় সিভিক ভলেন্টিয়ারের । এরপর পরপর দুটো টোটোতে ধাক্কা মারে। নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে রাস্তার ধারে দেওয়ালে ধাক্কা মেরে বাসটি থেমে যায়। এদিকে শহরের মধ্যে এমন ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে যায়। মুহূর্তের মধ্যেই পথচলতি কিছু মানুষ ক্ষিপ্ত হয়ে ইঁট, পাথর ছুঁড়ে ওই বাসের কাচ ভাঙচুর করে বলে অভিযোগ।
পরিস্থিতি বেগতিক দেখে চলন্ত বাস থেকে লাফ মেরে পালাবার চেষ্টা করে চালক এবং খালাসী। কিন্তু ক্ষিপ্ত জনতার রোষে পড়ে যাওয়ার আগেই পুলিশের হাতে আটক হয় ওই দুইজন। ইংরেজবাজার থানার আইসি মদনমোহন রায় জানিয়েছেন , ঘটনাটি খুবই দুঃখজনক। বেপরোয়া বেসরকারি বাসের ধাক্কায় এক সিভিক ভলেন্টিয়ার মারা গিয়েছেন। কিভাবে ওই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনাটি ঘটালো, তা তদন্ত করে দেখা হচ্ছে।

Post a Comment