বাংলাদেশে করোনায় আরও ৩২ জনের মৃত্যু, শনাক্ত ২২৩০
ঢাকা প্রতিনিধি : প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে বলে মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৪৪৮ জনে। এছাড়া, নতুন করে ২ হাজার ২৩০ জনের শরীরে করোনা শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৫১ হাজার ৯৯০ জনে পৌঁছেছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলাদেশের সরকারি ও বেসরকারি ১১৭ ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ২৬৫টি এবং পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ১৮টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ২৬ লাখ ৮০ হাজার ১৪৯টি। নমুনা পরীক্ষা বিবেচনায় ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৪ দশমিক ৮৫ শতাংশ। আর মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত হার ১৬ দশমিক ৮৬ শতাংশ। নতুন যে ৩২ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২৫ এবং নারী সাতজন। এখন পর্যন্ত মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৪ হাজার ৯৫৫ জন বা ৭৬ দশমিক ৮৫ শতাংশ এবং নারী ১ হাজার ৪৯৩ জন বা ২৩ দশমিক ১৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ।
এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ২ হাজার ২৬৬ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৬৬ হাজার ৮৭৭ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮১ দশমকি ১৭ শতাংশ। গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

Post a Comment