বাঁকুড়ায় শুরু তৃণমূলের 'অভিযান' কর্মসূচি - The News Lion

বাঁকুড়ায় শুরু তৃণমূলের 'অভিযান' কর্মসূচি




দি নিউজ লায়ন ;  দলের ঘোষিত কর্মসূচী মেনে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে নিয়ে আজ জনতার দরবারে  বাঁকুড়ার বিধায়ক শম্পা দরিপা। সম্প্রতি রাজ্য সরকারের প্রকল্পগুলির সুফল মানুষ পাচ্ছে কিনা তা সরেজমিনে খতিয়ে দেখার জন্য ‘অভিযান’ কর্মসূচী ঘোষনা করে তৃণমূল। সেই কর্মসূচীর নির্দেশিকা মিলতেই আজ বাঁকুড়া বিধানসভার বড়বেদিয়া গ্রামে হাজির হন বিধায়ক। বিধায়ককে কাছে পেয়ে নিজেদের অভাব অভিযোগের কথা তুলে ধরেন গ্রামের মানুষ।


নজিরবিহীনভাবে রাজ্যের মানুষের জন্য গত দশ বছরে পঞ্চাশটিরও বেশি উন্নয়নমূলক প্রকল্প হাতে নিয়েছে রাজ‍্য সরকার। এই প্রকল্পগুলির সুফল এ রাজ্যের মানুষ পেয়েছেন। কন্যাশ্রী থেকে শুরু করে সবুজসাথী প্রকল্প-এ রাজ্য ও দেশের সীমা ছাড়িয়ে বিশ্ববাসীর প্রশংসা পেয়েছে। আরো বেশি সংখ্যক মানুষের কাছে কীভাবে এই সমস্ত প্রকল্প পৌঁছে দেওয়া যায়, গ্রামের মানুষের কাছে সরাসরি সরকারি পরিসেবা তুলে দিতে ‘অভিযান’ নামের কর্মসূচী হাতে নিয়েছে তৃণমূল।


 শনিবার সকালে বাঁকুড়ার বড়বেদিয়া গ্রামে সেই কর্মসূচী পালন করলেন বাঁকুড়ার বিধায়ক শম্পা দরিপা। বাঁকুড়া সদরের মহকুমা শাসক , বাঁকুড়া এক নম্বর ব্লকের বিডিও , স্থানীয় পঞ্চায়েত প্রধান , পঞ্চায়েত সমিতির জনপ্রতিনিধি ও বিভিন্ন দফতরের আধিকারিকদের নিয়ে এদিন সাত সকালে গ্রামে পৌঁছে যান বিধায়ক। গ্রামের মানুষের মধ্যে মাস্ক বিতরণ করে প্রত্যেকের সঙ্গে কথা বলেন তিনি। গ্রামের বাড়ি বাড়ি ঘুরে বিধায়ক সহ আধিকারিকরা খোঁজ নেন বিভিন্ন সরকারি প্রকল্পের হাল হকিকৎ। গ্রামের রাস্তা , পানীয় জলের উৎস ও রেশন সংক্রান্ত একাধিক বিষয়ে সমস্যার কথা তুলে ধরেন গ্রামের মানুষ।


 বিধায়ক সমস্যাগুলি লিপিবদ্ধ করার পাশাপাশি দ্রুত সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেন। বিধায়ক ও জেলার শীর্ষ স্থানীয় আধিকারিকরা এভাবে গ্রামে এসে গ্রামের মানুষের সমস্যা জেনে তা সমাধানের উদ্যোগ নেওয়ায় খুশি গ্রামবাসীরা। বাঁকুড়ার বিধায়ক শম্পা দরিপা বলেন, আজ থেকে শুরু হল আমাদের এই অভিযান। এরপর থেকে আমরা গ্রাম ও শহরের মহল্লায় মহল্লায় ঘুরে ঘুরে এভাবেই এলাকার মানুষের সমস্যা জানব ও তা সমাধানের চেষ্টা করব।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.