দেশ জুড়ে সাধারণ ধর্মঘট, হাওড়ায় বিক্ষোভ অবরোধ - The News Lion

দেশ জুড়ে সাধারণ ধর্মঘট, হাওড়ায় বিক্ষোভ অবরোধ




দি নিউজ লায়ন ; কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে সাত দফা দাবি নিয়ে আজ ২৬ নভেম্বর বৃহস্পতিবার দেশ জুড়ে সাধারণ ধর্মঘট ডেকেছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও বামপন্থী গণ সংগঠনগুলি।সকাল থেকে ধর্মঘট শুরু হয়েছে হাওড়াতেও। সকালের দিকে হাওড়ায় রাস্তায় লোকজন ছিল কম। বাস, ট্যাক্সি, টোটো ছিল কম সংখ্যায়। পরে বেলার দিকে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়। বাজার, দোকান অধিকাংশই খোলা রয়েছে।


 রাস্তার প্রতিটি মোড়ে পুলিশ পিকেট রয়েছে। সকালে শানপুর মোড়ে ধর্মঘটের সমর্থনে পথে নামে সিটু ও ডিওয়াইএফআই নেতৃত্ব। সেখানে বিক্ষোভ শ্লোগান চলে। বিক্ষোভকারীরা এখানে জোর করে গাড়ি আটকানোর চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। সিটু কর্মীরা এখানে নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ করে। এর পাশাপাশি বালিখাল জিটি রোড,  সলপ কোনা হাইরোড সহ বিভিন্ন জায়গায় অবরোধ করে বামপন্থী সমর্থকরা। 


উল্লেখ্য, আয়করের আওতাভুক্ত নয়, এমন প্রতিটি পরিবারের জন্য প্রতি মাসে নগদ ৭৫০০ টাকা দেওয়া, ওই সমস্ত পরিবারকে মাথাপিছু দশ কেজি করে খাদ্যশস্য দেওয়া, গ্রামীন রেগা প্রকল্পে ২০০ দিনের কাজ নিশ্চিত করা সহ এই প্রকল্প শহরেও চালু করা,


সংসদে জবরদস্তি করে পাস করানো শ্রমকোড বাতিল করা, কৃষি ও কৃষকের স্বার্থবিরোধী তিনটি কৃষি আইন বাতিল করা, রাষ্ট্রায়ত্ত্ব শিল্পসংস্থায় ঢালাও বেসরকারীকরণ বন্ধ করা, বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ও সরকারি সংস্থায় চাপিয়ে দেওয়া বাধ্যতামূলক অবসর প্রকল্প বাতিল করা সহ অসংগঠিত ক্ষেত্রের শ্রমজীবী মানুষদের জন্য সামাজিক সুরক্ষা প্রকল্প সহ সার্বজনীন পেনশন চালু করার দাবিতেই আজ দেশ জুড়ে সাধারণ ধর্মঘট ডাকা হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.