হলদিয়ায় নিখোঁজ নাবিকের সন্ধান নেই
দি নিউজ লায়ন ; প্রায় ৪৮ ঘন্টা কেটে গেলেও খোঁজ পাওয়া গেল না নিখোঁজ বিদেশি নাবিকের। নিখোঁজ নাবিকের নাম সান ইউ। বছর চৌত্রিশের ওই নাবিকের বাড়ি মায়ানমারে। বন্দর সূত্রে খবর, শুক্রবার রাত সাড়ে ১০টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। হলদিয়া বন্দরের ৯ নম্বর বার্থে ওই জাহাজে লৌহ আকরিক বোঝাই করা হচ্ছিল।
রাতে পণ্য বোঝাইয়ের পর জাহাজের ওই অফিসার ডক ছাড়ার আগে ডক বেসিলের দিকে একটি বিশেষ ধরনের সিঁড়িতে চেপে নাব্যতা দেখতে নামছিলেন। সেই সময় পা ফস্কে তিনি নীচে পড়ে গিয়েছেন বলে মনে করা হচ্ছে।
রাতেই ঘটনাস্থলে যান বন্দরের আধিকারিকরা। তড়িঘড়ি নামানো হয় ডুবুরি।শনিবার রাত্রে বন্দরের আধিকারিক প্রবীণকুমার দাস বলেন, ‘‘বন্দরের তরফ থেকে ডুবুরি নামিয়ে তল্লাশি চালানো হচ্ছে।
তল্লাশিতে শনিবার সন্ধ্যা পর্যন্ত ওই নাবিকের সন্ধান পাওয়া যায়নি।’’রবিবার দুপুর অবধি পাওয়া খবর অনুযায়ী নিখোঁজ জাহাজের সেকেন্ড অফিসারের খোঁজ মেলেনি। তবে ডুবুরি ও হলদিয়া উপকূল রক্ষী বাহিনী এই নাবিকের সন্ধানে দফায় দফায় তল্লাসী চালাচ্ছে।
উদ্ধারকারী দলের এক আধিকারিকের প্রসঙ্গে জানান সম্ভাব্য সমস্ত রকম প্রচেষ্টা করা হচ্ছে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ওই নাবিক জলের স্রোতে দূরবর্তী কোথাও ভেসে গিয়ে থাকতে পারেন আশপাশের সমস্ত এলাকার মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে। তবে যত সময় গড়াচ্ছে মায়ানমারের নাগরিক ওই নাবিকের বেঁচে থাকার সম্ভাবনা ততই কমছে।

Post a Comment