চারদিনের সফরে বাঁকুড়ায় মুখ্যমন্ত্রী, প্রশাসনিক বৈঠকের পাশাপাশি একাধিক কর্মসূচী
দি নিউজ লায়ন ; চারদিনের সফরে রবিবার বাঁকুড়ায় পৌঁছালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার বিকাল সাড়ে তিনটা নাগাদ মুখ্যমন্ত্রী বাঁকুড়ার মুকুটমনিপুরে পৌঁছান। এদিন মুখ্যমন্ত্রীকে মুকুটমনিপুরে স্বাগত জানাতে রাস্তার দুদিকে ভিড় জমিয়েছিলেন অসংখ্য স্থানীয় বাসিন্দা ও পর্যটক। সোমবার থেকে বাঁকুড়া জেলায় একের পর এক কর্মসূচীতে যোগ দেবেন মুখ্যমন্ত্রী।
জানা গেছে সোমবার বাঁকুড়ার খাতড়ায় সিধু কানু স্টেডিয়ামে একটি সরকারি পরিসেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। এই অনুষ্ঠান থেকে জঙ্গলমহল সহ জেলার মানুষের হাতে সরাসরি কন্যাশ্রী, রুপশ্রী, সবুজসাথী, জমির পাট্টা, জঙ্গলের পাট্টা সহ বিভিন্ন পরিসেবা সরাসরি উপভোক্তাদের হাতে তুলে দেবেন। এই মঞ্চ থেকেই সোমবার জঙ্গলমহলের মানুষের জন্য নতুন কিছু ঘোষনা করতে পারেন মুখ্যমন্ত্রী।
এই সভা থেকেই জেলার বেশ কিছু প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করতে পারেন মুখ্যমন্ত্রী। সোমবার বাঁকুড়ার সার্কিট হাউসে রাত্রিযাপন করে মঙ্গলবার সকালে বাঁকুড়ার রবীন্দ্রভবনে প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী।
এই সভায় বিভিন্ন দফতরের শির্ষ ও জেলাস্তরের আধিকারিকদের পাশাপাশি এলাকার জনপ্রতিনিধিদের কাছ থেকে বিভিন্ন প্রকল্পে জেলার উন্নয়নের বিষয়ে খোঁজ খবর নেবেন। ওইদিন ফের বাঁকুড়া সার্কিট হাউসে রাত্রিযাপন করে বুধবার বাঁকুড়া এক নম্বর ব্লকের সুনুকপাহাড়ি মাঠে দলীয় জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর।

Post a Comment