অশোকনগরে প্রাকৃতিক তেলের সন্ধান মিললো, আসছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী - The News Lion

অশোকনগরে প্রাকৃতিক তেলের সন্ধান মিললো, আসছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী




দি নিউজ লায়ন ;   উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগরে ভুগর্ভস্থ তেলের সন্ধান মিললো। এবারে তেল উত্তোলন কেন্দ্র হিসাবে অশোকনগরের নাম উঠে আসতে চলেছে। বৃহস্পতিবার দিল্লিতে কেন্দ্রীয় তেলমন্ত্রী (পেট্রোলিয়াম) ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগরে প্রাকৃতিক তেলের সন্ধান পাওয়া গিয়েছে। শীঘ্রই তিনি অশোকনগরে আসবেন বলে জানা গিয়েছে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী নিজে এসে ওই এলাকা ঘুরে দেখার ইচ্ছা প্রকাশ করেছেন। 


বিগত বেশ কয়েক বছর ধরে উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগরের বাইগাছি এলাকায় একটি নির্দিষ্ট জায়গায় ও এন জিসির তরফে ভূগর্ভস্থ তেল নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছিলো। এর আগে এখানকার ভূ গর্ভস্থ তেল পরীক্ষার জন্য সংশোধনাগারে পাঠানো হয়। সেই পরীক্ষায় সবুজ সংকেত পাওয়ার পরেই রাজ্য সরকারের কাছে কুড়ি একর জমির প্রয়োজন বলে জানিয়েছিলো ওএনজিসি। যারমধ্যে কিছু জমি তারা পেয়েও গিয়েছে। 


এদিকে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী আসার খবর চাউর হতেই রাতারাতি চলছে পাকা পিচের রাস্তা তৈরির কাজ। অশোকঙ্গর-নৈহাটি রোড থেকে তেল উত্তোলন কেন্দ্র পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তার কাজ দ্রুত গতিতে শুরু হয়েছে। চলতি মাসের ২৪ তারিখের মধ্যেই ওই রাস্তার কাজ শেষ করা হবে সংশ্লিষ্ট মহল সুত্রে জানা গিয়েছে। 


এদিকে অশোকনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ধীমান রায় জানান, ওএনজিসির তরফে কেন্দ্রীয় মন্ত্রী আসার বিষয়ে তার সঙ্গে এখনও যোগাযোগ করা হয়নি। তিনি বলেন, যখন জমির সমস্যা ছিলো সেই সময়ে ওএনজিসির লোকজন বেশ কয়েকবার তার সঙ্গে যোগাযোগ করে। তবে এখন ওএনজিসি তেল উত্তোলন প্রক্রিয়া  সম্পর্কে তার সঙ্গে যোগাযোগ করেনি বলেও জানান তিনি। ধীমান রায় বলেন, যে পরিমান ভূগর্ভস্থ প্রাকৃতিক সম্পদ এখানে রয়েছে তা যদি সঠিকভাবে উত্তোলন করা যায় তাহলে সরকার লাভবান হবে। 


তবে এতোদিন ধরে ওই এলাকার বাসিন্দারা যারা কৃষিকাজ করে জীবিকা নির্ভর করতেন তাদের যাতে কর্মসংস্থান হয় তার জন্য তিনি ওএন জিসির কাছে আবেদন করবেন বলেও জানান। তবে স্থানীয় সুত্রে জানা যায়, এখনও পর্যন্ত দুই বা তিন ফসলি জমি ভোগ দখল করা কৃষকদের কাছে থেকে জমি নেওয়া হলেও তাদের সেই অর্থে ক্ষতিপূরণ দেওয়া হয়নি বলেও অভিযোগ উঠেছে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.