সিবিআইয়ের টানা জেরায় অসুস্থ হয়ে ইসিএলের নিরাপত্তা আধিকারিকের মৃত্যুর অভিযোগ
দি নিউজ লায়ন ; ঘন্টার পর ঘন্টা ধরে সিবিআইয়ের টানা জেরায় অসুস্থ হয়ে ইসিএলের নিরাপত্তা আধিকারিকের অসুস্থ হয়ে মৃত্যুর অভিযোগ। বেআইনি কয়লা নিয়ে শনিবার সকাল থেকেই একযোগে সিবিআই অভিযান শুরু হয়। রাজ্যের বিভিন্ন জায়গায় বেআইনি কয়লা কারবারি অনুপ মাজি ওরফে লালার বেশ কয়েকটি বাড়িতে ও দপ্তরে হানা দেয় সিবিআই। পাশাপাশি ইসিএলের বেশ কয়েকজন আধিকারিকের বাড়িতেও হানা দেয় সিবিআই৷
সিবিআইয়ের জেরার মুখে অসুস্থ হয়ে মৃত্যু হয় ইসিএলের এক নিরাপত্তা আধিকারিকের। মৃতের নাম ধনঞ্জয় রায় (৪৬)। তিনি ইসিএলের কুনুস্তরিয়া এরিয়ায় কর্মরত ছিলেন। সিবিআইয়ের টানা জেরার ফলে হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন ইসিএলের কুনুস্তরিয়া এরিয়ার সিকিউরিটি অফিসার ধনঞ্জয় রায়। তাকে ইসিএল সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
মৃতের পরিবারের অভিযোগ, সিবিআই অহেতুক চাপ সৃষ্টি করাতেই অসুস্থ হয়ে প্রাণ হারান ওই নিরাপত্তারক্ষী। ঘটনার তদন্ত দাবি করেছেন তারা। নিরাপত্তারক্ষীর স্ত্রীকে চাকরি দেওয়ার দাবি তুলেছে তৃণমূল শ্রমিক ইউনিয়ন। ঘটনা প্রসঙ্গে সিবিআইয়ের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Post a Comment