স্থান সংকটে চট্টগ্রাম বন্দরের রিফার কন্টেইনার - The News Lion

স্থান সংকটে চট্টগ্রাম বন্দরের রিফার কন্টেইনার




চট্টগ্রাম ব্যুরো,বাংলাদেশ ; চট্টগ্রাম বন্দর ইয়ার্ডে শীতাতপ নিয়ন্ত্রিত বা রিফার কন্টেইনার রাখার স্থান সংকটের কারণে জাহাজ থেকে কন্টেইনার নামাতে দেরি হচ্ছে। এর ফলে বন্দর জেটিতে একটি জাহাজকে বাড়তি একদিন বসে থাকতে হচ্ছে। মূলত ধারনক্ষমতার অতিরিক্ত রিফার কন্টেইনার আসায় এসব কন্টেইনার নিয়ে বিপাকে পড়েছে বন্দর কর্তৃপক্ষ।



সোমবার (৯ নভেম্বর) বিদেশি কন্টেইনার জাহাজ ‌’হ্যাপি বি’ একদিন বাড়তি থেকে রিফার কন্টেইনার নামিয়ে বন্দর ছাড়তে হয়েছে। একই ঘটনা ঘটেছে আরেক কন্টেইনার জাহাজ ‘খুনা বুম’ এর ক্ষেত্রেও।



জানতে চাইলে ‌’হ্যাপি বি’ জাহাজের দেশিয় শিপিং এজেন্ট ক্রাউন নেভিগেশন কম্পানি লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সাহেদ সারোয়ার বলেন, হ্যাপি বি জাহাজটি ৫ নভেম্বর বন্দর জেটিতে এসে ৮ নভেম্বর বন্দর ছেড়ে যাওয়ার শিডিউল ছিল। কিন্তু ৮ তারিখ পর্যন্ত জাহাজটিতে ৯৪ একক রিফার কন্টেইনার জাহাজ থেকে নামানো যায়নি। এসব কন্টেইনার নামাতে না পারায় এর নীচে আরো দেড়শ একক আমদানি কন্টেইনার নামানো যাচ্ছিল না। সবকিছুই আটকা পড়েছিল।


তিনি বলেন, পরে বিষয়টি বোঝানোর পর বন্দর কর্তৃপক্ষ আজকেই রিফার এবং আমদানি কন্টেইনার জাহাজ থেকে নামানোর পদক্ষেপ নেয়। যদি এমন উদ্যোগ না নিতো তাহলে আরো একদিন বাড়তি জেটিতে বসে থাকতে হতো। এখন একদিন বাড়তি বসে থাকতে হয়েছে।


 


জানা গেছে, ‘খুনা বুম’ জাহাজের ক্ষেত্রে রিফার কন্টেইনার নামাতে না পেরে বাড়তি বসে থাকতে হয়েছে জেটিতে। জাহাজটিতে দেড়শ একক রিফার কন্টেইনার নিয়ে আসায় বিপাকে পড়তে হয়েছে জাহাজটিকে।



জানতে চাইলে চট্টগ্রাম বন্দরের ট্রাফিক বিভাগের এক কর্মকর্তা বলেন, মুলত দূর্গাপূজা এবং সাপ্তাহিক ছুটির কারণে রিফার কন্টেইনার বন্দর থেকে সরবরাহ নেয়া কমে যাওয়ায় বন্দর ইয়ার্ডে এসব কন্টেইনার জমে গেছে। স্বাভাবিক সময়ে দিনে ৩শ একক রেফার কন্টেইনার সরবরাহ নেয়া হয় কিন্তু তিনদিনে সেটি অনেক কমে গেছে। এরফলে বন্দরের ভিতর রেফার কন্টেইনার রাখা জমে গেছে।



তিনি বলছেন, বন্দরের শীতাতপ নিয়ন্ত্রিত কন্টেইনার রাখার ইয়ার্ডে গতকাল পর্যন্ত ৩ হাজার ২শ একক পণ্যভর্তি কন্টেইনার ছিল। সেখানে সর্বোচ্চ ২৬শ একক কন্টেইনার রাখা যায়। এখন আমরা রেফার কন্টেইনারগুলো রেশনিং করে রাখছি; যাতে স্থান সংকটের সৃষ্টি না হয়।



বিদেশি জাহাজের দেশিয় শিপিং এজেন্টরা বলছেন, একটি জাহাজে সর্বোচ্চ ১শ থেকে ১২০ বক্স পর্যন্ত রেফার কন্টেইনার রাখার সুযোগ থাকে। সেই কন্টেইনার জাহাজ থেকে নামিয়ে রাখা হয় চট্টগ্রাম বন্দরের বিশেষায়িত ‘রেফার কন্টেইনার ইয়ার্ডে’। সেই কন্টেইনার জাহাজ থেকে নামানোর আগে ইয়ার্ডে বিদ্যুৎ সংযোগের পয়েন্ট আছে কিনা নিশ্চিত হতে হয়। বিদ্যুৎ পয়েন্ট না থাকলে রেফার কন্টেইনার জাহাজ থেকে নামানো হয় না; কারণ এসব কন্টেইনার নির্ধারিত তাপমাত্রা নিশ্চিত করতে হয় সংযোগের মাধ্যমে। সেটি নিশ্চিত না হলে আমদানি পণ্যের মান খারাপ হয়ে যায়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.