শুভেন্দুকে নিয়ে কী বার্তা দিলেন দিলীপ ঘোষ
শুভেন্দু অধিকারী কি বিজেপিতে যোগদান করবেন? তা নিয়ে চলা দীর্ঘদিনের জল্পনার পারদ আরও বাড়িয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শুভেন্দু অধিকারীর বিজেপির যোগের জল্পনা চলছে মুকুল রায়ের বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই। যদিও শুভেন্দু কখনই মুকুল-অনুগামী বলে পরিচিত ছিলেন না। বরং মুকুলের সঙ্গে দূরত্ব রেখেই রাজনীতি করতেন তিনি।
এর আগে শুভেন্দুকে নিয়ে যতবারই বিজেপি-যোগের জল্পনা উঠেছে, ততবারই শুভেন্দু স্বয়ং এই জল্পনা খণ্ডন করেছেন । কিন্তু এবার তৃণমূলের রদবদলের পরওম গুরুত্বের পদ না পেয়ে শুভেন্দু যেভাবে দূরত্ব বাড়িয়ে চলেছেন তৃণমূলের সঙ্গে, পৃথক জনসংযোগ করছেন, তাতে বিজেপিতে যোগদানের জল্পনা বেড়েছিল আকাশছোঁয়া। তবে সম্প্রতি শুভেন্দু করোনা আক্রান্ত হওয়া পর্যন্ত তাঁকে নিয়ে বিজেপি-যোগের জল্পনায় ভাটা পড়ে। সম্প্রতি দিলীপ ঘোষের একটি মন্তব্যই সেই আগুনে ফের ঘি দিয়েছে।
শুভেন্দুকে নিয়ে প্রশ্ন করতেই বিজেপি রাজ্য সভাপতি উত্তর দেন, সকলের জন্য দরজা খোলা আছে বিজেপির। দরজা আরও বড় করেছেন তাঁরা। যে আসতে চাইবে, তাঁকেই স্যানিটাইজ করে নেওয়া হবে। দিলীপ ঘোষের এই চটজলদি জবাব রাজনৈতিক মহলে বড়সড় জল্পনা তৈরি করল। চর্চা চলচে, তাহলে কি শুভেন্দুকে নিয়ে যে জল্পনা চলছিল, তা বাস্তব হতে চলেছে? ফলে তরতর করে বাড়ছে শুভেন্দু অধিকারীর বিজেপি-যোগের জল্পনা। এখন দেখার শুভেন্দু কোনও প্রত্যুত্তর দেন কি না।

Post a Comment