আগুনে ভস্মীভূত হয়ে গেল গাড়ি
ঘোড়াঘাটা থেকে উলুবেড়িয়া আসার পথে আগুন লেগে ভষ্মীভূত হয়ে গেল একটি প্রাইভেট গাড়ি। জানা গেছে সোমবার সকাল ১০ টা ৩০ নাগাদ প্রাইভেট গাড়িটি উলুবেড়িয়ার দিকে আসার সময় ১৬ নং জাতীয় সড়কে বাগনান মানকুর উড়ালপুলের উপরে আচমকা গাড়ি থেকে ধোঁয়া বের হতে দেখে গাড়িতে থাকা দুই আরোহী। আতঙ্কে গাড়ি থামিয়ে দুজন নিচে নেমে যায়। কিছুক্ষণের মধ্যেই গোটা গাড়িটি আগুনের গ্রাসে চলে যায়। দুর্ঘটনার পর বাগনান থানার পুলিশ ও দমকল বিভাগের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই এই আগুন। এদিকে এই দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। অন্যদিকে, অটোয় ধাক্কা মেরে উল্টে গেল প্রাইভেট গাড়ি। দুর্ঘটনায় আহত হল ৩ জন। দুর্ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে ১৬ নং জাতীয় সড়কে বাগনান লাইব্রেরী মোড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে এদিন দুপুর ২ টো ৩০ নাগাদ একটি প্রাইভেট গাড়ি হলদিয়া থেকে কলকাতা সোনারপুরের উদ্দেশ্যে যাচ্ছিল।
প্রত্যক্ষদর্শীদের বক্তব্য বাগনান লাইব্রেরী মোড়ের কাছে একটি যাত্রীবাহী বাস আচমকা দাঁড়িয়ে পড়লে পিছনে থাকা প্রাইভেট গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি টোটোয় ধাক্কা মেরে উল্টে যায়। দুর্ঘটনায় এক মহিলাসহ ৩ জন আহত হয়।দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে বাগনান গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে তাদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। এদিকে দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয়।

Post a Comment