মণীশ শুক্লার খুনের সিবিআই তদন্ত দাবি করল বিজেপি
মণীশ শুক্লার খুনের সিবিআই তদন্ত দাবি করল বিজেপি। এ দিন মণীশের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সঙ্গে দেখা করেন কৈলাশ বিজয়বর্গীয়, মুকুল রায়, অর্জুন সিং-এর মতো গেরুয়া শিবির শীর্ষ নেতারা।
মণীশের পরিবারের সঙ্গে দেখা করার পর অর্জুন সিং সাংবাদিকদের বলেন, 'পুলিশ ও ক্রিমিনালরা যৌথ অভিযান চালিয়ে মণীশকে খুন করেছে। যে আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালানো হয়েছে তা অপরাধীদের কাছে থাকা সম্ভব নয়। ওটা পুলিশের অটোমেটেড রাইফেল।
সম্ভবত লাটবাগান থেকে ওই রাইফেল ক্রিমিনালদের হাতে গিয়েছে।' রাজ্য পুলিশের তদন্তে আস্থা নেই বলে জানিয়ে তিনি সিবিআই তদন্তের দাবি জানান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপত্তি জানালে প্রয়োজনে আদালতের দ্বারস্থ হবেন বলে জানিয়েছে অর্জুন।
দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায় বলেছেন, 'ব্যারাকপুরে গতকাল যা হয়েছে তা নিয়ে সমস্ত বিরোধী রাজনৈতিক দলকে ভাবতে হবে। আমি আগেও বারবার বলেছি, বাংলায় পুলিশ রাজ চলছে। থানার ঢিল ছোড়া দূরত্বে যদি এ ভাবে এলোপাথারি গুলি করে কাউকে মারা হয়, তা হলে দুটো ব্যাপার বুঝতে হবে।
হয় পুলিশকে আর ভয় পাচ্ছে না ক্রিমিনালরা, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি এতটাই বেহাল। নয়তো পুলিশের সঙ্গেই ক্রিমিনালদের আঁতাত রয়েছে, এটাই বুঝতে হবে।'

Post a Comment