কয়েক হাজার ঝিনুকের মন্ডপ গড়ছে শিশুরা
দি নিউজ লায়ন ; করোনা সংক্রমনের মাঝে পুজোর ঢাকের কাঠি পড়েছে। নীল আকাশের মাঝে পেঁজা তুলোর মতো সাদা মেঘ ঘুরে বেড়ানোর পাশাপাশি চারিদিকে কাশ ফুলের সমারোহ জানান দিচ্ছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব আসন্ন। যদিও পুজোর এই আনন্দে কিছুটা হলেও বাধ সেধেছে করোনা আতঙ্ক।
হাওড়া আমতা রোডে কাটিলা মোড় থেকে কয়েক পা এগোলে পৌঁছে যাওয়া যাবে আশা ভবন সেন্টারে। আর এইখানেই এখন কয়েক হাজার ঝিনুক নিয়ে পূজা মন্ডপ সাজানোর জন্য কোমর বেঁধে কাজ করে চলেছে বিশেষভাবে সক্ষম শিশুরা। গত সাত বছর ধরে এইভাবেই নিজেদের শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে এইসব শিশুরা দুর্গা পুজোর আনন্দে মেতে উঠছে। এবারও তার ব্যতিক্রম হবে না যদিও সবটাই করো না বিধি মেনে।
আশা ভবন সেন্টারে গিয়ে দেখা গেল বিশেষভাবে সক্ষম শিশুরা পূজা মন্ডপ সাজানোর জন্য কাজে ব্যস্ত। কথা প্রসঙ্গে আশা ভবন সেন্টার এর কর্ণধার জন মেরি বারুই জানান প্রতিবছরের মতো এই বছর ও এইসব শিশুরা দুর্গা পুজোর আয়োজন করলেও এই বছর একটু বিশেষ সতর্কতার সঙ্গে সব কিছুর আয়োজন করা হচ্ছে।
তিনি জানান পুজোর দিন গুলিতে করোনা সুরক্ষা বিধি মেনে যেভাবে ভবনের শিশুরা আনন্দে মাতবে সেই রকম প্রতিমা দেখতে আসা দর্শনার্থীদের করোনা বিধি মানতে হবে। মণ্ডপে করোনা সতর্কতার সচেতনতা প্রচার চালানোর পাশাপাশি দর্শনার্থীদের জন্য থাকছে মাক্স স্যানিটাইজার।

Post a Comment