নৌকা থেকে পড়ে নিখোঁজ মতস্যজীবী
দি নিউজ লায়ন ; রূপনারায়ণ নদীতে মাছ ধরার সময় নৌকা থেকে পড়ে নিখোঁজ হয়ে গেল এক মৎস্যজীবী। নিখোঁজ যুবকের নাম কৌশিক দত্ত (২৭) বাড়ি শ্যামপুর থানার অনন্তপুরে। ঘটনাটি ঘটেছে বুধবার ভোররাতে। নিখোঁজ যুবকের সন্ধানে নদীতে তল্লাশি শুরু করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে প্রতিদিনের মত মঙ্গলবার রাত আড়াইটা নাগাদ কৌশিক অন্য এক মৎস্যজীবী রমেশ মন্ডল এর সঙ্গে রূপনারায়ণ নদীতে মাছ ধরতে যায়। সূত্রের খবর ভোরবেলা নদী থেকে জাল তোলার সময় আচমকাই কৌশিক নৌকা থেকে নিচে পড়ে যায়। প্রাথমিকভাবে রমেশ মন্ডল তাকে বাঁচানোর চেষ্টা করলেও নদীতে স্রোত থাকায় কৌশিক জলে তলিয়ে যায়।
এদিকে কৌশিকের নিখোঁজ হওয়ার খবর জানাজানি হওয়ার পরেই এলাকার অন্যান্য মৎস্যজীবীরা নৌকা নিয়ে নদীতে খোঁজাখুঁজি শুরু করে। পরে শ্যামপুর থানার পুলিশ ও দুটি নৌকা নিয়ে নদীতে তল্লাশি চালায়। পুলিশ সূত্রে খবর ইতিমধ্যে বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা পৌঁছানোর পর নদীতে পুনরায় তল্লাশি শুরু হবে।

Post a Comment