দুই দুষ্কৃতী দলের সংঘর্ষ, সুন্দরবন কোস্টাল থানা ভাঙচুর, জখম ৬ পুলিশ কর্মী
দি নিউজ লায়ন ; দুই দুষ্কৃতী দলের লড়াইয়ে রণক্ষেত্রের চেহারা নিল দক্ষিণ ২৪ পরগনার গোসাবার সুন্দরবন কোস্টাল থানা এলাকা। দুষ্কৃতীরা থানা লক্ষ্য করে হামলা চালায় বলে অভিযোগ। দুষ্কৃতীদের ছোঁড়া ইঁটের ঘায়ে অন্তত ৬ জন পুলিশ কর্মী জখম হয়েছেন বলে জানা গিয়েছে। এছাড়া থানার জানলার কাঁচ ভাঙা হয়েছে। থানার সামনে দাঁড়িয়ে থাকা গাড়িতে ব্যাপক ভাঙচুর করা হয়।
থানা ভাঙচুরের ঘটনায় পুলিশ ৮ জনকে আটক করেছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় আরও কারা জড়িত তাদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ঘটনার সূত্রপাত শনিবার রাতে। সুন্দরবন কোস্টাল থানা এলাকার রাধানগর বাজারে দুষ্কৃতীর মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় কোস্টাল থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুপক্ষের মোট ছয় জনকে পুলিশ গ্রেফতার করে। কেন পুলিশ গ্রেপ্তার করেছে এর প্রতিবাদে রবিবার সকালে থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে বেশ কয়েকজন। ক্রমে পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। বহিরাগত দুষ্কৃতীদের মদতে আচমকা থানার ওপর হামলা শুরু হয়। থানা লক্ষ্য করে ইঁট বৃষ্টি শুরু হয়।
ইঁটের আঘাতে থানার জানলার কাচ,দরজা ভেঙে যায়। থানার সামনে দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়িকে ব্যাপক ভাঙচুর চালানো হয়। অতিরিক্ত বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ থানার বাইরে লাগানো সিসিটিভি ফুটেজ দেখে আটজনকে থানা ভাঙচুরের ঘটনায় আটক করেছে আরও কারা এই ঘটনায় জড়িত তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে।বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে।
দ্রুত সমস্ত দুষ্কৃতীকে গ্রেফতার করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এদিকে গোসাবার তৃণমূল বিধায়ক জয়ন্ত নস্কর অভিযোগ করেন, গোটা ঘটনার পিছনে বিজেপির দুষ্কৃতীরা রয়েছে। তিনি বলেন রাধানগর বাজারে যে গণ্ডগোল হয়েছিল তা বিজেপির অন্তর্কলহ। এদিন বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা থানা থেকে তাদের সমর্থকদের ছাড়াতে গেলে গণ্ডগোল বাঁধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Post a Comment