মালদায় দুঃসাহসিক ডাকাতি
দি নিউজ লায়ন ; অসুস্থ স্ত্রীকে চিকিৎসার জন্য মেডিকেল কলেজে দেখতে গিয়েছিলেন স্বামী সহ পরিবারের লোকেরা। আর সেই সুযোগে ফাঁকা বাড়ি পেয়ে দরজা ভেঙে কয়েক লক্ষ টাকা নগদ এবং ১০ ভরি সোনার গয়না লুঠ করলো দুষ্কৃতীরা। এমনকি দুষ্কৃতীরা রীতিমতো বাড়ির রান্নাঘর ব্যবহার করে চা খেয়ে লুটপাট চালায় বলে অভিযোগ।
শনিবার রাতে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের মঙ্গলবাড়ী নতুনপল্লী এলাকায়। গভীর রাতে অসুস্থ স্ত্রীকে মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় দেখে বাড়িতে ফিরে আসেন স্বামী ও তার পরিবারের সদস্যরা। আর বাড়িতে এসেই চক্ষু চড়কগাছ হয়ে যায় ওই গৃহকর্তার। দরজার তালা ভাঙ্গা দেখেই চুরির সন্দেহ দানা বাঁধে। এরপর ঘরে ঢুকতেই দেখেন একের পর এক আলমারি ভাঙ্গা, প্রতিটি ঘরের জিনিসপত্র ছড়িয়ে পড়ে রয়েছে ।
এরপরই আর্তচিৎকারে পাড়া-প্রতিবেশীরা ছুটে আসেন। প্রকাশ্যে আসে চুরির ঘটনাটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুরাতন মালদা থানার পুলিশ । এলাকায় এই ধরনের চুরির ঘটনা হামেশাই ঘটছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। চোরের দলকে দ্রুত গ্রেপ্তার করার আশ্বাস দিয়েছে সংশ্লিষ্ট থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নতুনপল্লী এলাকার বাসিন্দা রুপলাল ঘোষ, পেশায় ব্যবসায়ী।
তার স্ত্রী অসুস্থ হওয়ার কারণে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। স্ত্রীকে দেখতে শনিবার রাতে মেডিক্যাল কলেজে ছিলেন রূপলালবাবু সহ তার পরিবারের লোকেরা। আর এই সুযোগে ওই বাড়ি ফাকা পেয়ে দুষ্কৃতীরা তালা ভেঙ্গে ঘরে লুটপাট চালায় বলে অভিযোগ। পরপর ঘরগুলিতে তালা ভেঙে ফেলা হয়। প্রতিটি ঘরের আলমারি , শোকেস, বিছানা থেকে নানান ধরনের আসবাবপত্র লন্ডভন্ড করে দিয়েছে দুষ্কৃতীরা।
প্রাথমিক তদন্তে পুলিশ বাড়ির মালিকের সাথে কথা বলে জানতে পেরেছে , নগদ পাঁচ লক্ষ টাকা এবং ১০ ভরি সোনার অলংকার লুঠ করেছে দুষ্কৃতীদের দল। ব্যবসার টাকা লুঠ হয়ে যাওয়ায় রীতিমতো কান্নায় ভেঙে পড়েন রুপলালবাবু ও তার পরিবারের লোকেরা। পুরাতন মালদা থানার পুলিশ জানিয়েছে, ভারী কোন বস্তু দিয়ে দরজার তালা গুলি ভাঙ্গা হয়েছে। এরপর একাধিক ঘরে শোকেস, আলমারিরগুলিও ঠিক একই কায়দায় ভাঙ্গা হয়েছে।

Post a Comment