রহস্যজনকভাবে নিখোঁজ নিট পরীক্ষার্থীর দেহ উদ্ধার
দি নিউজ লায়ন ; নিখোঁজ থাকার তিন দিন পর উদ্ধার হল হুগলির কোন্নগরের এক নিট পরীক্ষার্থীর দেহ। শুক্রবার ভোরে হুগলির উত্তরপাড়ার শিবতলা ঘাট থেকে উদ্ধার হয় নিখোঁজ অভীক মণ্ডলের। পুলিশ সূত্রে খবর, শুক্রবার ভোরে কয়েকজন গঙ্গাস্নানে গিয়ে দেখেন একটি দেহ ভাসছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উত্তরপাড়া থানার পুলিশ দেহ উদ্ধার করে। পরে দেহটি অভীকের বলে শনাক্ত করে তার পরিবার।
মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। অভীক আত্মহত্যা করেছে নাকি ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। মঙ্গলবার রাতে সাইবার ক্যাফে থেকে অ্যাডমিট কার্ড আনতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় নিট পরীক্ষার্থী অভীক মণ্ডল।
কোন্নগরের বিদিশা হাউসিংয়ের বাসিন্দা অভীক মণ্ডল ডাক্তারি পড়ার জন্য এবার ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্টে (নিট) বসার প্রস্তুতি নিয়েছিল।
মঙ্গলবার সন্ধ্যায় সে তার মাকে জানায় অ্যাডমিট কার্ড আনতে যাচ্ছে সাইবার ক্যাফে থেকে। পনেরো মিনিটের মধ্যে বাড়ি ফিরে আসবে। বাড়ি থেকে সাইকেল নিয়ে বেরোয় অভীক। তারপর থেকে আর কোনো খোঁজ পাওয়া যায়নি অভীকের।
মঙ্গলবার গভীর রাতে কোন্নগরের একটি গঙ্গার ঘাট থেকে অভীকের সাইকেল উদ্ধার হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করে উত্তরপাড়া থানার পুলিশ। নিখোঁজ অভীকের বাবা পুলিশকর্মী সুভাষ মণ্ডল জানিয়েছেন, নিটের জন্য ভালই প্রস্তুতি নিয়েছিল অভীক। হঠাৎ করে কি হয়ে গেল তা তারা ভেবে পাচ্ছেন না। সম্ভাব্য যেখানে যেখানে অভীক গিয়ে থাকতে পারে বলে তাদের মনে হয়েছিল সেই সমস্ত জায়গায় তারা খোঁজ করেছেন দুদিন ধরে।কিন্তু কোথাও তার কোন সন্ধান পাওয়া যায়নি।
উত্তরপাড়া থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাড়ি থেকে বেরোনোর আগে মোবাইল ফোনটি সে বাড়িতেই রেখে যায় এবং তাৎপর্যপূর্ণ বিষয় হলো এই যে মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক দুটি অ্যাপ ডিলিট করে দেওয়া ছিল। এদিন তার দেহ উদ্ধার হল উত্তরপাড়ার গঙ্গার ঘাটে।
মঙ্গলবার রাতে যেখানে অভিকের সাইকেল পাওয়া গেছিল সেখান থেকে প্রায় চার কিলোমিটার দূরে উদ্ধার হল তার দেহ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভীকের মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করা হয়েছে। সেটি পরীক্ষা করে দেখা হচ্ছে। নিখোঁজ হবার আগে কাদের সঙ্গে তাঁর কথা হয়েছিল সেই কললিস্ট খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে।

Post a Comment