আজ দক্ষিণবঙ্গের অনেকগুলি জেলায় হতে পারে বৃষ্টি
দি নিউজ লায়ন ; আজ দক্ষিণবঙ্গের অনেকগুলি জেলায় হতে পারে বজ্রবিদ্যুতসহ বৃষ্টি। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হতে পারে বৃষ্টি। রবিবার সকালে বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে নিম্নচাপ। কিন্তু নিম্নচাপ সৃষ্টি হলেও কিন্তু তা অন্ধ্রপ্রদেশ লাগোয়া পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, তবে বঙ্গোপসাগরের আরও একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। তা তৈরি হতে পারে অন্ধ্রপ্রদেশের উপকূল ঘেঁষে। এদিকে ভয়ঙ্কর বৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গ। আবহাওয়া অফিস আগেই উত্তরবঙ্গের জন্য হলুদ সতর্কতা জারি করেছিল। সেই অনুযায়ী বৃষ্টি শুরু হয় উত্তরের জেলাগুলিতে। মূলত পাহাড়ের জেলায় এই পরিস্থিতি হয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিল, সোমবার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন এই ৫ জেলা কার্যত ভেসে যাবে এমন একটা আশঙ্কা করা হয়েছিল। ঠিক সেটাই হয়।
বৃষ্টির সম্ভাবনা আজ মঙ্গলবারেও রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

Post a Comment