কুলিকে পাখি সুমারির কাজ শুরু করলো বন দফতর - The News Lion

কুলিকে পাখি সুমারির কাজ শুরু করলো বন দফতর




দি নিউজ লায়ন ;   করোনা আবহে পর্যটকের আনাগোনায় বিধিনিষেধ থাকলেও এশিয়ার বৃহত্তম পক্ষীনিবাস কুলিক পক্ষীনিবাসে পাখি গণনার কাজ শুরু করল রায়গঞ্জ বন বিভাগ। রবিবার থেকে রায়গঞ্জ শহর সংলগ্ন কুলিক পক্ষীনিবাসে এই পাখি গণনার কাজ শুরু হয়। উত্তরবঙ্গের অন্যতম সেরা পর্যটন কেন্দ্র হিসেবে পরিগনিত হয়েছে রায়গঞ্জের কুলিক পক্ষীনিবাস।



 এশিয়ার বৃহত্তম পক্ষীনিবাস " রায়গঞ্জ কুলিক ওয়ার্ড লাইফ বার্ড স্যাঞ্চুরি " তে প্রতি বছর মে-জুন মাসের দিকে হাজার হাজার মাইল দূর থেকে কয়েক লক্ষ পরিযায়ী পাখি ভীড় জমায়। ওপেনবিল স্টক, নাইট হেরন, ইগ্রেট, করমোরেন্ট নামের মুলত এই চার প্রজাতির পরিযায়ী পাখিরা কুলিক নদীর ধারের জঙ্গলে এসে বাসা বাঁধে ও প্রজনন করে শাবকদের বড় করে তোলে।




শাবকেরা উড়তে শিখলে ডিসেম্বর মাস নাগাদ এরা ফিরে যায় অন্যত্র নিজেদের গন্তব্যে। সম্ভবত অতীতের সমস্ত রেকর্ড ভেঙে এবছর সবচেয়ে বেশি সংখ্যক পরিযায়ী পাখি এসেছে কুলিকে। করোনা সংক্রমণ প্রতিরোধে লকডাউনের কারনে দূষণ অনেকটাই কম হওয়ায় পাখিদের বাসস্থান ও খাবারের অনুকূল পরিবেশ গড়ে ওঠায় পাখির সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলে অনুমান পশুপ্রেমী সংস্থা ও রায়গঞ্জ বন বিভাগের কর্তাদের।




রায়গঞ্জ কুলিক অরন্যের এই কুলিক পক্ষীনিবাসে প্রতিবছরই সেপ্টেম্বর মাসের শুরুতে পাখি গননার কাজ শুরু করে রায়গঞ্জ বন দপ্তর। রবিবার থেকে এশিয়ার বৃহত্তম পক্ষীনিবাসে পাখি সুমারির কাজ শুরু হল। পক্ষীনিবাসের প্রতিটি গাছে কতগুলি পাখির বাসা আছে এবং প্রতিটি বাসায় কটি করে পাখি রয়েছে তা গননা করেই কুলিক পক্ষীনিবাসের পাখি গননা করা হয়।




 বন দফতরের পরিসংখ্যান অনুযায়ী ২০১৮ সালে রায়গঞ্জ কুলিক পক্ষীনিবাসে পরিযায়ী পাখির সংখ্যা ছিল ৯৮৫৬২ টি। ২০১৯ সালে তা কিছুটা কমে গিয়ে দাঁড়ায় ৯৩০৮৮ টি। রায়গঞ্জ বন বিভাগ ও পশুপ্রেমী স্বেচ্ছাসেবী সংগঠনের দাবি এবছর পাখির সংখ্যায় বিগত দিনের সব রেকর্ডকে ছাপিয়ে যাবে।




পশুপ্রেমী সংস্থা উত্তর দিনাজপুর পিউপিলস ফর অ্যানিমেলস এর সাধারণ সম্পাদক গৌতম তান্তিয়া জানিয়েছেন, কুলিক পক্ষীনিবাস রায়গঞ্জ তথা জেলার গর্ব। এই পক্ষীনিবাসকে রক্ষা করার জন্য এলাকার সমস্ত জলাশয়কে আমাদের বাঁচিয়ে রাখতে হবে যাতে পরিযায়ী পাখিরা পর্যাপ্ত খাবার পায়।




 কুলিক নদীর দূষন রোধে নদীর ধারে চাষের জমিতে রাসায়নিক সার প্রয়োগ বন্ধ করা এবং নদীতে আবর্জনা ফেলা যাতে বন্ধ করা যায় তার উদ্যোগ নিতে হবে। রায়গঞ্জ বন বিভাগের রেঞ্জার প্রমিকা লামা জানিয়েছেন, প্রতি বছরের মতো এবারেও কুলিক পক্ষীনিবাসে পাখি গননার কাজ শুরু হয়েছে। এই পাখি গননার কাজে তিনটি পশুপ্রেমী স্বেচ্ছাসেবী সংস্থা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.