ঢাকেশ্বরী মন্দিরে শেষ শ্রদ্ধা জানানো হলো সি আর দত্তকে
ঢাকা প্রতিনিধি : মুক্তিযুদ্ধের সময়ে সেক্টরের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করা এবং বাংলাদেশ হিন্দু-খ্রিস্টান-বৌদ্ধ ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা মেজর জেনারেল (অব.) সি আর দত্ত শেষ শ্রদ্ধা জানানো হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার ঢাকেশ্বরী মন্দিরে তার মরদেহের প্রতি ফুল দিয়ে শেষ শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
ঢাকেশ্বরী মন্দিরে তার মরদেহ আনার পর সেনাবাহিনীর একটি দল সামরিক কায়দায় গান স্যালুট দিয়ে শ্রদ্ধা জানান। পরে সি আর দত্তের মরদেহের প্রতি শ্রদ্ধা নিবেদন করে মহানগর সার্বজনীন পূজা কমিটি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদ, ঢাকেশ্বরী জাতীয় মন্দির, বাংলাদেশ হিন্দু পরিষদ ঢাকা মহানগর দক্ষিণ শাখা, বাংলাদেশ আদিবাসী ফোরাম, বাংলাদেশ হিন্দু মহাজোট, লালবাগ পূজা থানা কমিটি।
বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও শেষ শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধের এই সেক্টর কমান্ডারের প্রতি। এখানে রাষ্ট্রীয় সম্মাননা শেষে শেষকৃত্য অনুষ্ঠানের জন্য মরদেহ নিয়ে যাওয়া হবে রাজারবাগ মহাশ্মশানে। সেখানেই শেষকৃত্য সম্পন্ন করা হবে সি আর দত্তের। করোনাভাইরাসের কারণে তাকে নিয়ে জাতীয় শহীদ মিনার ও হবিগঞ্জের প্রোগ্রাম বাতিল করা হয়েছে।
উল্লেখ্য, ২৫ আগস্ট (মঙ্গলবার) বাংলাদেশ সময় সকাল ৯টার দিকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মেজর জেনারেল (অব.) চিত্তরঞ্জন দত্ত (সি আর দত্ত) বীর উত্তম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর।
গতকাল সোমবার (৩১ আগস্ট) সকাল ৮টা ৪০ মিনিটের দিকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় সি আর দত্তের মরদেহ। তারপর সেখান থেকে তার মরদেহ রাখা হয় সিএমএইচের হিমাগারে।

Post a Comment