গ্রেফতার বাংলাদেশি অনুপ্রবেশকারী
দি নিউজ লায়ন ; বেশ কিছুদিন ধরে মালদার এক আত্মীয়র বাড়িতে গা ঢাকা দিয়েছিল বাংলাদেশি এক অনুপ্রবেশকারী। শেষ রক্ষা হলো না । সন্দেহজনক অবস্থায় ওই বাংলাদেশী অবৈধ অনুপ্রবেশকারীকে ঘোরাফেরা করতে দেখে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এরপরই তাকে গ্রেফতার করা হয়। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার রবীন্দ্র ভবন সংলগ্ন গৌড়কন্যা বাস টার্মিনাস এলাকায়।
ধৃত ওই অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি কতদিন আগে সে এপারে এসেছিল, কার বাড়িতে আশ্রয় নিয়েছিল এবং কী উদ্দেশ্যে সে ভারতে অনুপ্রবেশ করেছিল তার সমস্তটাই খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত বাংলাদেশীর নাম বাবু শেখ (২৪)। তার বাড়ি বাংলাদেশের যশোর জেলা এলাকায়।
এদিন সকালে রবীন্দ্র ভবন সংলগ্ন গৌড়কন্যা বাস টার্মিনাস এলাকায় ঘোরাফেরা করছিল ওই যুবক। তাকে দেখে পুলিশের সন্দেহ হয় । এরপর জিজ্ঞাসাবাদ করতেই একের পর এক অসংলগ্ন কথাবার্তা বলতে থাকে ওই যুবক । পরে পুলিশে জেরায় বাংলাদেশী নাগরিকের কথা স্বীকার করে সে।
পুলিশ জানতে পারে ধৃত ওই যুবক মালদার একটি সীমান্ত দিয়ে চোরাপথে অবৈধভাবে প্রবেশ করেছে। পুলিশ জানিয়েছে , ধৃত ব্যক্তি প্রাথমিক জেরায় বলেছে সে ইংরেজবাজার ব্লকের যদুপুর ১ গ্রাম পঞ্চায়েতের কমলাবাড়ী এলাকায় কোনো এক আত্মীয়ের বাড়িতে ঘুরতে এসেছিল। কোন একটি সীমান্ত দিয়ে বেআইনিভাবে এপারে অনুপ্রবেশ করে। প্রায় পাঁচ দিন ধরে ওই বাংলাদেশি তার এক আত্মীয়ের বাড়িতে ছিল। ওই অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশী যুবক আদৌ সত্যি কথা বলছে কিনা, সেটিও তদন্ত করে দেখছে পুলিস।

Post a Comment