মসজিদ বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ২১
বিভীষিকাময় রাত পেরিয়ে চব্বিশ ঘণ্টা কাটল। এখনও তীব্র আতঙ্ক নারায়ণগঞ্জে। নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা এলাকায় বায়তুস সালাত জামে মসজিদে এসি বিস্ফোরণের ঘটনায় নাদিম (৪৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে শনিবার রাত ১১ টা পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়ালো। এর আগে রাত সাড়ে ৮টার দিকে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ইমামসহ দু’জনের মৃত্যু হয়েছে।
মৃত ইমামের নাম মো. আব্দুল মালেক (৬০)। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৭ জন। এর আগে সন্ধ্যা ৭টার দিকে বাহারউদ্দিন (৫৫) নামে একজনের মৃত্যু হয়। তার আগে মারা যান রাসেল (৩৪), মো. নয়ন (২৭) ও কাঞ্চন হাওলাদার (৫৩) নামের আরও তিনজন।
মৃত অন্যরা হলেন- রিফাত (১৮), মোস্তফা কামাল (৩৪), জুবায়ের (১৮), সাব্বির (২১), কুদ্দুস ব্যাপরী (৭২), হুমায়ুন কবির (৭০), ইব্রাহিম (৪৩), মুয়াজ্জিন দেলোয়ার হোসেন (৪৮), জুনায়েদ (১৭), জামাল (৪০), জুয়েল (৭), জয়নাল আবেদিন (৪০) ও মাইনুদ্দিন (১২)।
বাকিদের চিকিৎসা চলছে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। বার্ন ইনস্টিটিউটের প্রধান ডা. সামন্তলাল সেন ও তাঁর সহকারী চিকিৎসকরা জানিয়েছেন, আহত প্রত্যেকেই ৭০ শতাংশের বেশি দগ্ধ। এমনকি ১৭ জনের অবস্থা আশঙ্কাজনক। অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহতদের সর্বোচ্চ সুচিকিৎসার নির্দেশ দিয়েছেন।
নিহতদের বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, তাদের শ্বাসনালী পুড়ে গিয়েছিল। ১৭ জন চিকিৎসাধীন অবস্থায় আছেন। তাদের অনেকের অবস্থাই সংকটাপন্ন। এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
Post a Comment