করোনার মধ্যেও সকাল থেকে কলকাতার ঘাটে ঘাটে চলছে তর্পণ
আজ মহাওলয়া। করোনার মধ্যেও সকালে কলকাতার ঘাটে ঘাটে চলছে তর্পণ। অন্যবারের চেনা ভিড় এবার অনেকটাই কম। পুলিশ-প্রশাসনের লাগাতার প্রচার সত্ত্বেও অনেকেই সামাজিক দূরত্ব মেনে চলছেন না। পরেননি মাস্কও। জাজেস ঘাট, বাবুঘাট, বাগবাজার ঘাট, আহিরিটোলা ঘাট থেকে সর্বত্র সেই ছবিটা এক। মাইকিং করে পুলিশের তরফে করোনা সুরক্ষা বিধি মেনে চলার নির্দেশ দেওয়া হলেও তাতে কার্যত ভ্রূক্ষেপের কোনও বালাই নেই।
প্রতিবার অন্ধকার থাকতেই শুরু হয়ে যায় তর্পণ। এবারও সেই ধারার ব্যতিক্রম হয়নি। পূর্বপুরুষদের শ্রদ্ধাঞ্জলি জানাতে জাজেস ঘাট, বাবুঘাট, বাগবাজার ঘাট-সহ কলকাতার বিভিন্ন ঘাটে ভোর থেকেই ভিড় জমিয়েছেন মানুষ। তবে অন্যবার যেমন ভিড় উপচে পড়ত, এবার করোনা আবহে সেই মাত্রায় অনেকটাই কম।
পুলিশের তরফে বিভিন্ন ঘাটে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। মোতায়েন আছে রিভার ট্র্যাফিক পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দল। নজরদারিতে ড্রোন ব্যবহার করা হচ্ছে। কিন্তু সেই নজরদারি সত্ত্বেও কলকাতার বিভিন্ন ঘাটে অনেকেই করোনা সুরক্ষা বিধি মেনে চলছেন না। শারীরিক দূরত্বের বিধিকে অনেকাংশেই বুড়ো আঙুল দেখানো হচ্ছে। প্রশাসনের ভ্রুকূটিতে মাস্ক পরে ঘাট চত্বরে প্রবেশ করলেও তারপর আর অনেকের মুখেই মাস্ক দেখা যায়নি। কারোর কারোর মাস্ক আবার মুখে নয়, আছে থুতনিতে। সেভাবেই গঙ্গার ঘাটে চলছে তর্পণ, ত্রোস্তপাঠ, পিতৃপুরুষের উদ্দেশ মন্ত্রোচ্চারণ।

Post a Comment