নবদ্বীপের এক মৃৎশিল্পীর প্রতিমা পাড়ি জমাচ্ছে লন্ডনে
দি নিউজ লায়ন ; দীর্ঘ লকডাউন সুদূর লন্ডনের পথ চেনাল নবদ্বীপের এক মৃৎশিল্পীকে। নবদ্বীপের বাসিন্দা প্রভাত পাল নামে এক মৃৎশিল্পীর হাতে তৈরি সাত ইঞ্চির দুর্গা প্রতিমা প্যাকেট বন্দি হয়ে উড়ে যাবে সুদূর লন্ডনে। সেখানেই পূজিত হবেন প্রভাত পালের হাতের নিপুণ ছোঁয়ায় তৈরি দেবী দুর্গার। প্রতিবারের মত এবার আর রথ যাত্রার পরে গুয়াহাটি যাওয়া হয়নি প্রভাত পালের। ৩৫ বছর পরে এই প্রথম ছেদ পড়ল দুর্গা ঠাকুর তৈরি করতে অসম যাওয়ার ধারাবাহিকতায়। তখন সম্পূর্ণ লকডাউন চলছে চারিদিকে।
চারিদিকে প্রবল করোনার আতঙ্ক । সুতরাং বাড়িতেই আটকে ছিলেন মৃৎশিল্পী প্রভাত। কিন্তু শিল্পী মানুষ হাত-পা ছড়িয়ে শুয়ে বসে দিন কাটাতে পারেননি বেশিদিন। অন্যান্য সময়ে যে কাজ করা হয়ে ওঠে না সেই কাজই শুরু করলেন। খানিকটা সময় কাটানোর অছিলায় শুরু করেছিলেন ছোট ছোট দেবী মূর্তি গড়ে তোলা। ছোট ছোট মূর্তি প্রভাতের হাতের ছোঁয়ায় এত চমৎকার ভাবে তৈরি হচ্ছিল যে, কারখানায় আড্ডা দিতে আসা বন্ধু-বান্ধবেরা মাঝে মধ্যেই সেইসব মূর্তির ছবি তুলে ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিতেন।
সেই সূত্র ধরেই কোলকাতার বাসিন্দা তমাল চক্রবর্তী যোগাযোগ করেন, প্রভাত পালের শিল্পাগারে। প্রভাতের হাতে গড়া কৃষ্ণনগর রাজবাড়ীর রাজরাজেশ্বরী নিয়ে যান তমাল চক্রবর্তী। প্রভাতের হাতে তৈরি শুধু রাজরাজেশ্বরীই নয়, এরপর কলকাতা সহ দেশের বিভিন্ন জায়গা থেকে অর্ডার আসতে শুরু করে।
সবটাই সোশ্যাল মিডিয়ার দৌলতে। এবার নবদ্বীপের আলোছায়া মোড়ের নিমতলার শিল্পাগার থেকে দেবী দুর্গা যাচ্ছে লন্ডনের বিখ্যাত এলাকা হ্যাম্পস্টেডে। কলকাতার বাসিন্দা তমাল চক্রবর্তীর দিদি থাকেন লন্ডনে। ভাই তমালের মুখ থেকে শুনে তিনিও উৎসাহ দেখান ছোট্ট দেবী দুর্গার মূর্তিতে। ভাইয়ের মাধ্যমে প্রভাতকে একটি সাত ইঞ্চির দুর্গা মূর্তির অর্ডার দেন। আর কিছু সময়ের অপেক্ষা।
তারপরই প্লেনে চেপে উড়ে যাবে লন্ডনের হ্যাম্পস্টেডে। নবদ্বীপের প্রখ্যাত মৃৎশিল্পী কানাই পালের ছেলে প্রভাত পাল। বিগত ৩৫ বছর ধরে প্রতিমা গড়ার কাজে নিজেকে ব্যস্ত রেখেছেন প্রভাত।

Post a Comment