রাস্তা নিয়ে বিরোধ, চাঁচোলে গুলিবিদ্ধ ২
দি নিউজ লায়ন ; রাস্তা নিয়ে বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল মালদার চাঁচোল। গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এক মহিলাসহ ২। দুজনেরই অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে। এই ঘটনায় এক প্রাক্তন সেনাকর্মী এবং তার ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি জগন্নাথ দাস নামে প্রাক্তন সেনা কর্মী তার বাড়ির সামনের রাস্তায় পাঁচিল তুলে দেন। ফলে রাস্তায় চলাচলে সমস্যায় পড়েন স্থানীয় বাসিন্দারা। রবিবার রাতে এই নিয়ে পাড়ার বাসিন্দাদের সঙ্গে তার বচসা হয়। অভিযোগ আচমকাই জগন্নাথ এবং তার ছেলে বন্দুক বের করে গুলি চালিয়ে দেন গ্রামবাসীদের লক্ষ্য করে। ঘটনাস্থলে গুলিবিদ্ধ হন অমিত দাস এবং রাখি দাস।
আশঙ্কাজনক অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়। গুলি চালানোর পাশাপাশি জগন্নাথের পরিবারের লোকেরা স্থানীয় বাসিন্দাদের মারধর করে বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। এলাকায় পুলিশ এলে পুলিশকে লক্ষ্য করে ইঁট ছোঁড়া হয় বলে অভিযোগ।
অভিযুক্ত প্রাক্তন সেনা কর্মী এবং তার ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।চাঁচলের এসডিপিও সজলকান্তি বিশ্বাস জানিয়েছেন, পুলিশের ওপর হামলা এবং গ্রামবাসীদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে।

Post a Comment