তন্ত্র সাধনার অভিযোগে আদিবাসী পরিবারকে একঘরে করার অভিযোগ
দি নিউজ লায়ন ; বাড়িতে নাকি বিরাজ করছে অপদেবতা, যার জেরে গ্রামে অসুখ ছড়াচ্ছে। এমনই অভিযোগ তুলে আদিবাসী এক পরিবারের চার মহিলা সদস্যকে গ্রাম ছাড়া করে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে এলাকার মাতববরদের বিরুদ্ধে।
এমনকি বাড়ি থেকে অপদেবতার না তাড়ালে জরিমানা করা হবে ১০ হাজার টাকা, এরকম হুমকির অভিযোগ উঠেছে গ্রামের একাংশ মোড়ল, মাতববরদের বিরুদ্ধে।
এই ঘটনার পর ওই পরিবারের চার মহিলা সদস্য তাদের সন্তানদের নিয়ে ব্যাপক আতঙ্কের মধ্যে রয়েছেন। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার মহিষবাথানি গ্রাম পঞ্চায়েতের বটতলী বাংগাবাড়ী এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বটতলি বাংগাবাড়ি গ্রামের বাসিন্দা সোরেনা কোল (৫০)। তার স্বামী ও দুই ছেলে বর্তমানে ভিন রাজ্যে শ্রমিকের কাজে রয়েছেন। পরিবারে দুই পুত্রবধূ , এক মেয়ে এবং চার নাতি-নাতনিকে নিয়ে থাকেন সোরেনা কোল । সোরেনা কোলের দুই পুত্রবধূর নাম বিপাশা কোল এবং মল্লিকা কোল।
মেয়ের নাম দিপালী কোল। এদের বিরুদ্ধে গ্রামের একাংশ মাতব্বরেরা বাড়িতে অপদেবতা 'পুষে' রাখার অভিযোগ তুলেছেন। এমনকি এলাকায় অসুখ ছড়ানো হচ্ছে বলে ওই পরিবারটিকে দায়ী করে গ্রামছাড়া করে দেওয়ার হুমকি দিয়েছেন।
অবিলম্বে বাড়িতে থাকা দেবী মূর্তি ও ছবিগুলি সরিয়ে ফেলা না হলে দশ হাজার টাকা জরিমানার হুমকি দিয়েছেন গ্রামের একাংশ মাতব্বরদের দল। যার জেরে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন ওই পরিবারের মহিলা সদস্যরা।

Post a Comment