করোনা টেস্ট প্রতারণা : ডা. সাবরিনা-আরিফের প্রতারণা মামলার শুনানি শুরু
ঢাকা প্রতিনিধি : করোনা পরীক্ষা নিয়ে রোগীদের সঙ্গে প্রতারণার মামলায় বাংলাদেশের জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরী ও সিইও আরিফুল হক চৌধুরীসহ আট আসামিকে ঢাকার আদালতে হাজির করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে একসঙ্গেই আদালতে আনা হয় এ দম্পতিকে।
মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারীর আদালতে শুনানি শুরু হয়েছে। আসামিপক্ষের কয়েকজন আইনজীবী আদালতের কাছে অভিযোগ করেন, তারা হাতে পাননি এই মামলার কাগজপত্র। এ কারণে তারা মামলা থেকে আসামিদের অব্যাহতি চেয়ে আদালতের কাছে আবেদন করতে পারেননি। এই মামলার অভিযোগ গঠনের শুনানির নতুন দিন ধার্যের আবেদন করেন তারা।
গত ১৩ আগস্ট শুনানির কথা থাকলেও, আসামিপক্ষ মামলার নথি না পাওয়ার কথা জানিয়ে সময় চাইলে, আজকের দিন ধার্য করা হয়। এর আগে গত ৫ আগস্ট আদালতে চার্জশিট দেয় গোয়েন্দা পুলিশ। ভুয়া কোভিড রিপোর্ট দেওয়ার অভিযোগে গত ১৫ জুন তেজগাঁও থানায় কামাল হোসেন নামে এক ভুক্তভোগী মামলাটি দায়ের করেন।
পুলিশ এ ঘটনায় প্রথমে আরিফ ও পরে সাবরিনাকে গ্রেফতার করে। গোয়েন্দা পুলিশের কাছে জিজ্ঞাসাবাদে ডা. সাবরিনা-আরিফ দুজনেই করোনা পরীক্ষার নামে হাজারো মানুষের সাথে প্রতারণার কথা স্বীকার করেন।

Post a Comment