সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত - The News Lion

সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত




ঢাকা প্রতিনিধি : বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শিংনগর সীমান্তে বিএসএফের গুলিতে সুমন আলী নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। গতকাল রবিবার রাতে সীমান্তের ১৭৯ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের কাছে এ ঘটনা ঘটে। নিহত সুমন আলী জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর মোড়ল পাড়া গ্রামের কালু মন্ডলের ছেলে।



স্থানীয় সূত্রে জানা যায়, সুমন আলীসহ ১০-১২ জনের একটি দল রবিবার সন্ধ্যার দিকে ভারতে গরু আনতে যাচ্ছিল। এ সময় ভারতের মালদহ জেলার দৌলতপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা গুলি করে। এতে গুলিবিদ্ধ হয়ে সুমন আন্তর্জাতিক পিলার ১৭৯ এস সংলগ্ন হারুনের বাগানের সামনে মারা যান।



পরে তার সহযোগীরা সুমনের লাশ উদ্ধার করে গোপনে দাফন করেন। মনাকষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা শাহাদাত হোসেন খুররম জানান, বিএসএফের গুলিতে সুমন গুরুতর আহত হয় এবং তাকে তার সহকর্মীরা উদ্ধার করে তারাপুর-মোন্নাপাড়া হারুনের বাগানে নিয়ে গেলে সে মারা যায়।




 চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সুরুজ মিয়া জানান, তিনি বিভিন্ন মাধ্যমে বিষয়টি শুনেছেন। তবে হতাহতের খবর পাওয়া যায়নি। সন্ধ্যার দিকে এক রাউন্ড গুলির আওয়াজ পাওয়া গেছে বলে তিনি নিশ্চিত করেছেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.