এটিএম কার্ড থেকে টাকা তুলে নিয়ে যাওয়ার অভিযোগে গ্রেপ্তার এক - The News Lion

এটিএম কার্ড থেকে টাকা তুলে নিয়ে যাওয়ার অভিযোগে গ্রেপ্তার এক




দি নিউজ লায়ন ;   ফেলে যাওয়া এটিএম কার্ড ব্যবহার করে অন্যের অ্যাকাউন্ট থেকে ২৫ হাজার টাকা তুলে নেওয়ার ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে বর্ধমান থানার পুলিস। ধৃতের নাম টুটুল বিশ্বাস। কালনা থানার দেউড়া গ্রামে তার বাড়ি। বুধবার রাতে বাড়ি থেকে পুলিস তাকে গ্রেপ্তার করে।




টাকা তুলে নেওয়ার কথা ধৃত কবুল করেছে বলে পুলিসের দাবি। তার একটি এটিএম কার্ড পুলিস বাজেয়াপ্ত করেছে। পুলিস জানিয়েছে, বর্ধমান শহরের বাহিরসর্বমঙ্গলা পাড়ার বাসিন্দা মুন্সি মহম্মদ সাহেবুর কিছুদিন আগে শহরেরই পুরসভা ভবন লাগোয়া এটিএম কাউন্টার থেকে ৬ হাজার টাকা তোলেন।




তাড়াহুড়োয় তিনি মেশিন থেকে এটিএম কার্ড বের করতে ভুলে যান। কিছুক্ষণ পর তাঁর অ্যাকাউন্ট থেকে তিন দফায় ২৫ হাজার টাকা তুলে নেওয়া হয়। মোবাইলে মেসেজ পেয়ে তিনি টাকা তুলে নেওয়ার বিষয়টি তিনি জানতে পারেন। শহরের স্টেশন এলাকার একটি এটিএম কাউন্টার থেকে টাকা তোলা হয়েছে বলে ব্যাংকে খোঁজখবর নিয়ে জানতে পারেন তিনি। এরপর তিনি এটিএম কার্ড ব্লক করে দেন। বিষয়টি তিনি থানায় জানান।



থানা ডায়েরি নথিভুক্ত করে বিষয়টি খতিয়ে দেখার জন্য সাইবার থানাকে বলে। তদন্তে নেমে সাইবার থানা টাকা তুলে নেওয়ায় টুটুলের জড়িত থাকার বিষয়ে নিশ্চিত হয়। ঘটনার কথা জানিয়ে বুধবার থানায় সুনিির্দষ্ট অভিযোগ দায়ের করেন সাহেবুর।




বৃহস্পতিবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। টাকা ও এটিএম কার্ড উদ্ধারের জন্য ধৃতকে ৩ দিন পুলিসি হেফাজতে নেওয়ার জন্য আদালতে আবেদন জানান তদন্তকারী অফিসার। সেই আবেদন মঞ্জুর করেন ভারপ্রাপ্ত বিচারক।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.