বাংলাদেশেও এবার ভিন্ন আবহে উদযাপিত হলো জন্মাষ্টমী - The News Lion

বাংলাদেশেও এবার ভিন্ন আবহে উদযাপিত হলো জন্মাষ্টমী




ঢাকা প্রতিনিধি : সারা বিশ্বজুড়ে চলছে মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব। এ অবস্থায় ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। লকডাউনের কারণে অফিসের কাজ থেকে শুরু করে ধর্মীয় উৎসব- সব কিছুই করতে হচ্ছে ঘরবন্দী থেকে। তাই এবার অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ভিন্ন আবহে উদযাপিত হলো হিন্দু ধর্মাবলম্বীদের পরমেশ্বর শ্রীকৃষ্ণের জন্মতিথি তথা শুভ জন্মাষ্টমী।



সারা বাংলাদেশে শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়। তবে এবার মহামারির কারণে স্বাস্থ্যঝুঁকি থাকায় অনেকটা ঘরোয়াভাবে এ উৎসবের আয়োজন করা হয়েছে। কোনোরকম সমাবেশ, শোভাযাত্রা ও ভক্তদের আমন্ত্রণ ছাড়াই মন্দির প্রাঙ্গণের মধ্যে সীমাবদ্ধ রাখা হয় জন্মাষ্টমীর অনুষ্ঠান। মঙ্গলবার সকাল ৯টা ৬ মিনিটে শুরু হওয়া শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী তিথি আজ বেলা ১১টা ১৬ মিনিট পর্যন্ত ছিল।





এ বিষয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দফতর সম্পাদক বিপ্লব দে বলেন, স্বাস্থ্যবিধি মাথায় রেখেই আমাদের সব পরিকল্পনা করা হয়েছে। জাতীয় মন্দির ঢাকেশ্বরীতেও আমরা কাউকে আমন্ত্রণ জানাইনি এবার। যারা খুব কাছাকাছি ছিলেন তাদের মধ্যে হয়তো অনেকে এসেছেন। এবার খুব বেশি ভক্ত আসেনি। ঢাকেশ্বরী কেন্দ্রীয় মন্দিরে শ দুয়েক মানুষ এসেছেন বিভিন্ন সময়ে।





অন্যবার দুপুরে খাবারের ব্যবস্থা থাকে, সেটাও আমরা এবার রাখিনি। ঢাকেশ্বরী মন্দিরে যজ্ঞ করেছেন চট্টগ্রাম সীতাকুণ্ড মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী তপনানন্দ গিরি মহারাজ। তিনি আরও বলেন, সারা বাংলাদেশের সব জায়গা থেকে খবর এসেছে, মন্দিরে এভাবেই পূজা হয়েছে। এ পূজায় দেশের কোথাও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে কিনা জানি না। মানে এ পর্যন্ত আমাদের কাছে এমন কোনো খবর আসেনি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.