বাড়ি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ ছাত্র
দি নিউজ লায়ন ; বাড়ি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেল এক স্কুল ছাত্র। সোমবার বিকেল নাগাদ ঘটনাটি ঘটে বেলুড়ের লালাবাবু শায়র রোডে। পরিবার সূত্রে জানা গেছে, নিখোঁজ ওই ছাত্রের নাম সোনু হালদার ( ১২ )। সে বেলুড় বয়েজ স্কুলে ষষ্ঠ শ্রেণীতে পড়ে। ঘটনার সময় ছাত্রের বাবা সুজিত হালদার বাড়িতে ছিলেন না।
মা শিখা হালদার কাজে গিয়েছিলেন। বাড়িতে ফিরে জানতে পারেন এই ঘটনা। বাড়ির মালিকের কাছ থেকে জানতে পারেন সোনু বিকেল ৫টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যায়। তার হাতে একটি প্যাকেট ছিল। এরপর রাত পর্যন্ত বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর বেলুড় থানায় জিডিই করা হয়। এখনও পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি।
খবর পেয়ে মঙ্গলবার সকালে সোনুদের বাড়িতে ছুটে যান এলাকার প্রাক্তন কাউন্সিলর পল্টু বণিক। তিনি বলেন, যে বয়স খেলাধূলা করার সময় সেই বয়সে নিখোঁজ হয়ে গেল একটা ছেলে ভাবাই যাচ্ছে না।
পুলিশ সিসিটিভি পরীক্ষা করে দেখছে। ছাত্রের মা শিখা হালদার জানান, পড়াশোনায় ভালো ছিল সোনু। বাড়িতে টিভি ছিল ওর সঙ্গী।
বাড়িতে ওকে বকাবকি বা মারধর করা হয়নি। কোনও ঝগড়াঝাটিও হয়নি। তাও ছেলেটা কোথায় চলে গেল সেটাই ভাবাচ্ছে পরিবারকে।

Post a Comment