সন্দেহ হলেই ডোপটেস্ট করা হবে পুলিশের, পজিটিভ হলে যাবে চাকরি
ঢাকা প্রতিনিধি : মাদকসেবী সন্দেহভাজন পুলিশ সদস্যের ডোপটেস্ট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পুলিশ। আর রিপোর্ট পজিটিভ হলে তাকে চাকরি হারাতে হবে। এমনটাই জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। তিনি বলেছেন, ‘যেসব পুলিশ সদস্য মাদকের সাথে সম্পৃক্ত তাদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি করা হচ্ছে।
যে উদ্দেশ্য ও শক্তি নিয়ে আমরা মাদকের বিরুদ্ধে নেমেছিলাম তা অব্যাহত রাখতে হবে।’ আজ রবিবার সকালে ঢাকার রাজারবাগ বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে আয়োজিত মহানগর পুলিশের মাসিক অপরাধ সভায় তিনি একথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, ‘বিট পুলিশিং ও গ্রেপ্তার মাদক ব্যবসায়ী থেকে প্রাপ্ত তথ্য কাজে লাগিয়ে মাদকসেবীদের তালিকা করতে হবে।
আমরা তাদের অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করে পুনর্বাসনে সহযোগিতা করব।’ পথশিশুদের মাদকসেবনের বিষয়ে তিনি বলেন, ‘যেসব পথশিশু মাদক ও ড্যান্ডি খাচ্ছে, তাদের দিকে বিশেষ লক্ষ্য দিতে হবে। এরা ভবিষ্যতে বড় হয়ে ছিনতাইসহ অপরাধমূলক কাজ করার সম্ভাবনা আছে।’
শিশুদের কাছে জুতার সল্যুশন আঠা যেসব দোকানদার বিক্রি করছেন, তাদের শিশুদের কাছে এ আঠা বিক্রি না করার জন্য কঠোরভাবে সতর্ক করার নির্দেশ দেন তিনি। শফিকুল ইসলাম আরও বলেন, ‘ডিএমপির মনিটরিং সেলের মাধ্যমে থানায় সেবাপ্রত্যাশীদের সঙ্গে যোগাযোগ করে দেখা যাচ্ছে, থানায় মামলা ও জিডি গ্রহণের ক্ষেত্রে পুলিশের আচরণে জনসাধারণ সন্তুষ্ট হচ্ছেন।
এটা আমাদের ধরে রাখতে হবে এবং সেবার মান আরও বাড়াতে হবে।’ এ সময় জুলাই ২০২০ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কমিশনার।
ডিএমপির ক্রাইম বিভাগের মধ্যে প্রথম হয়েছে মিরপুর বিভাগ, ডিএমপির গোয়েন্দা বিভাগের মধ্যে প্রথম হয়েছে গোয়েন্দা তেজগাঁও বিভাগ এবং ট্রাফিক বিভাগের মধ্যে যৌথভাবে প্রথম হয়েছে গুলশান ও উত্তরা বিভাগ। সন্তুষ্টজনক কাজের জন্য ৩৭ জনকে ডিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার।

Post a Comment