ভারতীয় ওয়েব পোর্টালে বাংলাদেশ নিয়ে গুজব, হাইকমিশনের নিন্দা
নিউজ ডেস্ক : ভারতের কয়েকটি কথিত ওয়েব পোর্টালে বাংলাদেশ নিয়ে গুজব প্রচারের নিন্দা জানিয়েছে কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশন। সংশ্লিষ্ট সবাইকে এ সকল মিথ্যা তথ্য উপেক্ষা করার জন্য অনুরোধ করে এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ভারতের উত্তর-পূর্ব অঞ্চলের কয়েকটি ওয়েব পোর্টালে বাংলাদেশের প্রধানমন্ত্রী, মন্ত্রী ও উপদেষ্টা, সামরিক ও নিরাপত্তা বাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলোকে লক্ষ্য করে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন নিবন্ধ এবং গুজব প্রচার করছে বলে আমাদের নজরে এসেছে।
বিশেষত বাংলাদেশ ও ভারতের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আঘাত করার জন্য ওই সব পোর্টালগুলিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ছবি বিকৃত ও ফটোশপ করে খবর প্রচার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে পোর্টালগুলির নাম উল্লেখ করে আরও জানানো হয়, এসব ওয়েব পোর্টালের নিয়ন্ত্রক ভারতের একজন কুখ্যাত সাংবাদিক, যিনি আগেও বাংলাদেশকে নিয়ে মিথ্যা তথ্য ছড়িয়েছেন। ২০১৭ সালে ওই সাংবাদিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সামরিক অভ্যুত্থান এবং হত্যার পরিকল্পনা হচ্ছে বলে ভিত্তিহীন ও ভুয়া প্রতিবেদন প্রকাশ করে বলেও জানিয়েছে ডেপুটি হাই কমিশন।
বাংলাদেশের সেনা ও নিরাপত্তাবাহিনী সম্পর্কেও উসকানিমূলক লেখা প্রকাশ করছে এসব ওয়েব পোর্টাল, যা সাংবাদিকতার নীতির সম্পূর্ণ পরিপন্থী বলে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Post a Comment